নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শিশু সোয়াইদ হোসেন হত্যা মামলার বাদী ও তাঁর ১৮ আত্মীয়স্বজনের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। সোয়াইদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি সিরাজ মিয়ার স্ত্রী রাশিদা বেগম ৪ এপ্রিল নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রুপমের আদালতে ওই মামলা করেন। আদালত তদন্ত করে আগামী ৭ মে প্রতিবেদন দিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। এদিকে গতকাল শুক্রবার সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করে নিহত সোয়াইদের বাবা মাসুম মিয়া দাবি করেন, রাশিদা বেগম হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা করেছেন।রাশিদা বেগম আরজিতে উল্লেখ করেন, আসামিরা ৩ এপ্রিল পারস্পরিক যোগসাজশে দেশি অস্ত্র নিয়ে তাঁর (রাশিদা) বাড়িতে ঢুকে আসবাব লুটপাট করেন এবং বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেন। ‘হয়রানি করতে মিথ্যা মামলা’: সংবাদ সম্মেলনে মাসুম মিয়া বলেন, গত ২০ ফেব্রুয়ারি তাঁর ছেলে স্থানীয় শান্তিনগর দারুন নাজাত নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র সোয়াইদ হোসেনকে পাখি দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। ২৬ ফেব্রুয়ারি সোয়াইদের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। আসামিদের মধ্যে ফজল মুন্সী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করেছেন।মাসুম মিয়া আরও বলেন, ‘রাশিদার মামলায় আমার আত্মীয় হারুন অর রশিদ ও জাকির হোসেনকে আসামি করা হয়েছে, যাঁরা কয়েক বছর ধরে বিদেশে আছেন। সোয়াইদের লাশ শনাক্তকারী বাচ্চু মিয়া ও আবদুল হাইকে আসামি করা হয়েছে। জাকির হোসেন নামের যে ব্যক্তির পরিত্যক্ত বাড়ি থেকে সোয়াইদের লাশ উদ্ধার করা হয়, তাঁকেও মামলার আসামি করেছেন রাশিদা। আমি ও আমার আত্মীয়স্বজনদের হয়রানি করতে এ মিথ্যা মামলা করা হয়েছে।’ এ ব্যাপারে সোয়াইদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, হত্যা মামলার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর এলাকার হাজার হাজার ক্ষুব্ধ লোক আসামিদের বাড়িঘরে হামলা চালায় ও আগুন দেয়। হত্যা মামলার আসামি সিরাজ মিয়ার স্ত্রীর করা মামলায় যাঁদের আসামি করেছেন, তাঁরা এ ঘটনায় জড়িত ছিলেন না।