
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর
ঘটনায় করা মামলার বিচারকাজ দুর্ঘটনার তিন বছর পরও শেষ হয়নি। মামলার বাদী আদালতে হাজির না হওয়ায়
বিচারকাজ এগোচ্ছে না।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় ২০১১ সালের ১৩ আগস্ট বিপজ্জনক বাঁক অতিক্রমের
সময় তারেক মাসুদ ও মিশুক মুনীরদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী বাসের মুখোমুখি সংঘর্ষে
পাঁচজন নিহত হন। নিহত অপর তিনজন হলেন মাইক্রোবাসের চালক মোস্তাফিজুর রহমান, প্রোডাকশন সহকারী মোতাহার
হোসেন ওয়াসিম ও জামাল হোসেন। দুর্ঘটনায় আহত হন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক শিল্পী ঢালী আল-মামুন ও তাঁর স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেক মাসুদের সহকারী মনীষ রফিক। তাঁরা
মানিকগঞ্জের শিবালয়ে কাগজের ফুল ছবির স্যুটিং স্পট থেকে ঢাকায় ফিরছিলেন।
এ ঘটনায় ঘিওর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় বাসের
চালক মো. জামির হোসেনের বিরুদ্ধে দুর্ঘটনাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগ (৩০৪-এর খ ধারা) আনা হয়। পরে ঘিওর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলামকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে ২০১২
সালের ২১ মার্চ মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে বাসচালকের
বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানো (২৭৯ ধারা), সাধারণ জখম (৩৩৭ ধারা), গুরুতর জখম (৩৩৮ (ক) ধারা),
অবহেলাজনিত কারণে মৃত্যু ঘটানো (৩০৪ ধারা) ও মালামাল ক্ষতিগ্রস্ত করার (৪২৭ ধারা) অভিযোগ আনা হয়। মামলায়
সাক্ষী করা হয় বাদী লুৎফর রহমান, ক্যাথরিন মাসুদ, ঢালী আল-মামুন, রফিকুল ইসলাম, সাইফুল ইসলামসহ ৩৯
জনকে।

আদালত ও আইনজীবী সূত্র জানায়, মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত ২০১২ সালের ১০ অক্টোবর এ মামলায়
অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হয়। ২০১৩ সালের ১৩ জানুয়ারি মামলাটি
মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়। সাক্ষ্য গ্রহণের ধার্য তারিখে বাদী লুৎফর হাজির না
থাকায় তাঁর বিরুদ্ধে প্রথম সমন জারি করা হয় ২০১৩ সালের ১৩ জানুয়ারি। এরপর বিভিন্ন সময়ে সাক্ষ্য গ্রহণের তারিখ
ধার্য করা হলেও িতনি হাজির হননি। তাঁকে হাজির হতে আদালত এ পর্যন্ত ছয়বার সমন ও জামিন অযোগ্য গ্রেপ্তারি
পরোয়ানা জারি করেছেন। চলতি বছরের ৪ আগস্ট আদালত তাঁর বিরুদ্ধে সর্বশেষ জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
করেছেন। মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর। ওই তারিখে বাদীর উপস্থিতি
নিশ্চিত করার জন্য আদালত তাঁর বিরুদ্ধে আবারও জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে বাদীর বর্তমান
কর্মস্থল অজানা।
মামলার অবস্থা সম্পর্কে মানিকগঞ্জের পিপি আবদুস ছালাম বলেন, মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে কয়েক
দফায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হলেও বাদী উপস্থিত না হওয়ায় সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়নি।