বাদী গ্রেপ্তার ভাই রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দোকানের কর্মচারীকে খুন করে লুট হওয়া স্বর্ণালংকার মামলার বাদীর বাসা থেকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাদী শ্রীকৃষ্ণ জুয়েলারির মালিক গোবিন্দ কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার তাঁকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে খুনের ঘটনায় সখীপুর থানার পুলিশ গত মঙ্গলবার রাতে মামলার বাদী গোবিন্দের ছোট ভাই শিবুলাল কর্মকারকে (৩০) গ্রেপ্তার করেছে। গতকাল তাঁকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের বিবরণ অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর রাতে সখীপুর মসজিদ সড়কে শ্রীকৃষ্ণ জুয়েলারির কর্মচারী অজিত সরকারকে (৩০) খুন করে ৬০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় দোকানের মালিক গোবিন্দ কর্মকার ১ অক্টোবর সখীপুর থানায় খুন ও লুটের মামলা করেন।
পুলিশ ওই দোকানের দুই কর্মচারীসহ ছয়জনকে আটক করে। তাঁদের চারজনকে পরে দুই দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী গত শুক্রবার রাতে মামলার বাদী গোবিন্দের বাসা থেকে পুলিশ লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করে। এ সময় গোবিন্দকে আটক করা হয়। গতকাল তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
নিহত অজিত সরকারের বাবা বিশ্বনাথ সরকার বলেন, ‘গোবিন্দ কর্মকারই আমার ছেলেকে খুন করে স্বর্ণালংকার লুটের ঘটনা সাজিয়েছেন। এখন আমি বাদী হয়ে গোবিন্দ ও তাঁর ভাইকে আসামি করে খুনের মামলা করব।’
সখীপুর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, ‘শিগগিরই খুনের রহস্য উদ্ঘাটিত হবে।’