প্রথম আলোর সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা প্রতিনিধির বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলার বাদী নিজেই মামলার বিষয়ে কিছু জানেন না। মামলা এবং প্রথম আলোর প্রতিনিধিকে আসামি করার বিষয়টি জেনে তিনি বিস্ময় প্রকাশ করেন। ধরমপাশা থানায় ৪ এপ্রিল মামলাটি করেছেন স্থানীয় সেলবরষ ইউনিয়নের সলফ গ্রামের জনৈক জীবন মিয়া। মামলায় প্রথম আলোর উপজেলা প্রতিনিধি সালেহ আহমদ, তাঁর আপন ছোট ভাই, আত্মীয়স্বজনসহ ১২ জনকে আসামি করা হয়েছে। আসামির তালিকায় সালেহ আহমদের নাম রয়েছে ১২ নম্বরে। বাদী জীবন মিয়া জানান, গত ২৬ মার্চ সফল গ্রামের মাঠে ষাঁড়ের লড়াই নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। ঘটনার পর তাঁর মামাতো ভাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর তাঁকে খবর দেন এবং মারামারির ঘটনা জানতে চান। পরে থানায় মামলা করতে হবে জানিয়ে একটি কাগজে তাঁর স্বাক্ষর নেন। জীবন মিয়া প্রথম আলোকে বলেন, ‘গত দুই দিন ধরে শুনতেছি, আমি নাকি মামলার বাদী। মামলায় যে সালেহ আহমদ ও তাঁর ভাইকে আসামি করা হয়েছে, সেটিও আমি জানি না। তাঁরা এই ঘটনাতে ছিলেনও না।’ উপজেলা প্রশাসনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গত ২৬ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সামনে আলমগীর কবীরের নেতৃত্বে চালানো হামলায় আহত হন সালেহ আহমদ। ঘটনার পরদিন তিনি আলমগীর কবীরসহ সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ সেটি মামলা হিসেবে নথিভুক্ত না করায় ১ এপিল আদালতে মামলা করেন তিনি। আলমগীর কবীরের নেতৃত্বে এর আগে ধরমপাশায় উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা হয়। প্রথম আলোসহ অন্যান্য সংবাদমাধ্যমে এই খবর প্রকাশের জের ধরেই তিনি দলবল নিয়ে ওই দিন সালেহ আহমদের ওপর হামলা চালান। জীবন মিয়ার অভিযোগে বলা হয়েছে, ‘নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ডুমুরিয়া গ্রামের চার ব্যক্তি ধরমপাশা এলাকায় গরুর ব্যবসা করেন। এঁদের কাছে আসামিরা বিভিন্ন সময় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন। গত ২৬ মার্চ দুপুরে বাদীর বাড়ির সামনে এই চার ব্যক্তিকে পেয়ে আসামিরা আবার চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা না দেওয়ায় সালেহ আহমদের হুকুমে বাদীসহ তাঁদের মারধর করেন আসামিরা।’ মামলাটি তদন্তাধীন আছে বলে জানিয়েছেন ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা অনির্বাণ বিশ্বাস।