কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) ‘ডাকাত সাজিয়ে’ পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা ও বাদীর আজ বুধবার নোয়াখালীর আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতের বিচারক গত ২৯ জুলাই এক আদেশে মামলার নথিও (কেস ডায়েরি-সিডি) তলব করেছিলেন।
২০১১ সালের ২৭ জুলাই কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া এলাকায় মিলনকে ডাকাত সাজিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ গাড়িতে করে এনে জনতার হাতে এই কিশোরকে ছেড়ে দেয়। সেখানে পুলিশের উপস্থিতিতেই তাকে হত্যা করা হয়। পুরো ঘটনাটির ভিডিওচিত্র প্রকাশিত হলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।
এই হত্যা মামলার বাদী মিলনের মা কোহিনুর বেগম। মামলার তদন্ত কর্মকর্তারা ৫২ বার আদালত থেকে সময় নিয়েছেন তদন্ত শেষ করতে। বাদী একে বিচার দীর্ঘায়িত করার কৌশল বলে অভিযোগ করেছেন। মামলা না চালাতে বাদীর পরিবারকে অভিযুক্ত এক পুলিশ কর্মকর্তা পাঁচ লাখ টাকা দিয়েছেন। তাঁর ছোট ছেলেকে পুলিশে চাকরি দেওয়া এবং মিলনের বাবাকে বিদেশে পাঠানোরও লোভ দেখিয়েছে পুলিশ। এ অবস্থায় গত ২৪ ডিসেম্বর বাদী আদালতে ‘এজাহারনামীয় ও সন্দিগ্ধ ধৃত আসামিদের বিরুদ্ধে অভিযোগ নাই; আসামিরা অভিযোগের দায় হইতে মুক্তি পাইতে ও চূড়ান্ত নিষ্পত্তিতে কোনো আপত্তি নাই ও থাকিবে না’ মর্মে আবেদন করেন।
পুলিশের এই ভূমিকা নিয়ে গত ২৭ জুলাই প্রথম আলোয় ‘বিচার মাটিচাপা দিল পুলিশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
জানতে চাইলে গতকাল সন্ধ্যায় মামলার বাদী মিলনের মা কোহিনুর বেগম প্রথম আলোকে বলেন, মিলনের বাবা গিয়াস উদ্দিনকে সঙ্গে নিয়ে তিনি আদালতে যাবেন এবং আদালতে মামলা সম্পর্কে তাঁর অবস্থান জানাবেন।
মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা ওসি (ডিবি) মো. আতাউর রহমান ভূঁইয়া এ বছরের জুলাই মাসে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। এতে বাদীর মামলা না চালানোর আবেদনের কথা উল্লেখ করা হয়। পাশাপাশি ‘এজাহারে বর্ণিত ঘটনা সত্য বলিয়া প্রাথমিকভাবে প্রমাণিত হইলেও কে বা কাহারা উক্ত ঘটনা করিয়াছে, উহা প্রমাণ করার মতো পর্যাপ্ত সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় ভবিষ্যতে মামলা প্রমাণ করার মতো সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে মামলাটি পুনরুজ্জীবিত করা হবে’ বলে উল্লেখ করেন তিনি।
একই প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা ভিডিওচিত্র দেখে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত ২৭ জন আসামি এবং এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করেন। অব্যাহতিপ্রাপ্ত এই ২৭ আসামির মধ্যে একজন শাহ আলম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছিলেন।