টাঙ্গাইলের মির্জাপুরে তিন মেয়েসহ মাকে হত্যা মামলার অভিযোগপত্রের বিরুদ্ধে বাদী নারাজি দিয়েছেন। গত বুধবার টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালতে তিনি নারাজি দেন।
এর আগে ঘটনার প্রায় চার মাস ১৯ দিন পর গত ২৫ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার এসআই শ্যামল কুমার দত্ত এ মামলার অভিযোগপত্র দেন।
নারাজিতে মামলার বাদী মোফাজ্জল হোসেন তদন্তকারী কর্মকর্তা সঠিকভাবে তদন্ত না করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পক্ষপাতিত্ব করে অভিযোগপত্র দাখিল করেছেন বলে উল্লেখ করেন। এ ছাড়া পুনরায় অধিকতর তদন্ত করলে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার আদালতে হাজির করা সম্ভব হবে বলে নারাজিতে উল্লেখ করা হয়েছে।
আগামী ২৮ এপ্রিল নারাজির বিষয়ে আদালত শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
এসআই শ্যামল কুমার দত্ত বলেন, ‘আমরা তদন্ত করে যা পেয়েছি, তা দিয়েই অভিযোগপত্র দাখিল করা হয়েছে।’
মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত বছরের ৬ অক্টোবর রাতে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩৫) এবং তাঁর তিন মেয়ে উপজেলার গোড়াই উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মনিরা আক্তার (১৪), বাক্প্রতিবন্ধী মীম আক্তার (১০) ও ব্র্যাক স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী মলি আক্তারকে (৭) ঘরে ঘুমন্ত অবস্থায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়।