বাদী-বিবাদীর বিয়ে
সকালে যখন আদালতে হাজির হন তখন একজন মামলার বাদী অন্যজন বিবাদী। কিন্তু সন্ধ্যায় তাঁরা বাড়ি ফিরলেন স্বামী-স্ত্রী হিসেবে। আদালত কক্ষেই তাঁরা একে অন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের জেলা জজ আদালতে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় কবিরুলইসলামের (ছদ্মনাম) সঙ্গে তনিমা বিবির (ছদ্মনাম) প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে ২০০৭ সালে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এতে তনিমা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে কবিরতাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এর পরিপ্রেক্ষিতে একই বছরের ৩ জুলাই তনিমা নারী ও শিশু নির্যাতন দমন আইনে কবিরের বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তার হয়ে জেল যান কবির। এরপর চলতে থাকা আইনি লড়াইয়ের মধ্যে তনিমা একটি পুত্র সন্তানের জন্ম দেন। এখন শিশুটির বয়স দেড় বছর।মামলার দীর্ঘ পথ পেরিয়ে মঙ্গলবার আদালতে তনিমাকে বিয়ে করতে সম্মত হন কবির। তখন আদালতের বিচারক মো. আনোয়ার হোসেনের উদ্যোগেই তাঁদের বিয়ের আয়োজন করা হয়। ডাকা হয় মৌলভি ও কাজি। আদালতের কক্ষেই এক লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে পড়ানো হয় তাঁদের বিয়ে। বিয়ে শেষে উভয়পক্ষের অভিভাবকেরা পাশাপাশি বরের হাতে কনেকে তুলে দেন অতিরিক্ত পিপি আনজুমান আরা বেগম, সহকারী পিপি রবিউল ইসলাম। বিয়ের পর কবিরকে জামিনে মুক্তি দেওয়া হয়।অতিরিক্ত পিপি আনজুমান আরা বেগম জানান, যেহেতু দৈহিক সম্পর্ক স্থাপনের কারণে মেয়েটি অন্তঃসত্ত্বা হয় এবং একটি সন্তানের জন্ম হয় সেহেতু সন্তানের পিতৃপরিচয় জরুরি হয়ে ওঠে। আর এই মানবিক কারণেই আদালত বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।