বাদী বিমল শীলের জেরা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালীর সাধনপুর ইউনিয়নে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলার বাদী বিমল শীলের জেরা চলছে। গতকাল সোমবার চট্টগ্রামের ভারপ্রাপ্ত তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগমের আদালতে তাঁকে জেরা করেন আসামি নুরুল ইসলামের আইনজীবী।গতকাল আদালতে জেরার শুরুর দিকে আসামি নুরুল ইসলামের আইনজীবী শামসুল ইসলাম কালাম জানতে চান, এ ঘটনার করা মামলার এজাহারটি বিমল শীল নিজ হাতে লিখেছিলেন কি না। উত্তরে বিমল শীল বলেন, ‘আমি লিখিনি। পুলিশ লিখেছে।’ এজাহারটি বুঝে, পড়ে ও শুনে স্বাক্ষর করেছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে বিমল শীল বলেন, ‘তখন আমি যন্ত্রণাকাতর ছিলাম। পুলিশ আমাকে এজাহার পড়ার জন্য দেয়নি।’ এ মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তার দেওয়া অভিযোগপত্রে নুরুল ইসলামের নাম ছিল না উল্লেখ করে আইনজীবী বিমল শীলের কাছে এ বিষয়ে জানতে চান। জবাবে বিমল শীল বলেন, ‘আমি নাম বলেছি। পুলিশ অভিযোগপত্রে উল্লেখ করেছে কি না, তা আমার জানা নেই।’২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের শীলপাড়ায় তেজেন্দ্র লাল শীলের বাড়িতে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ মামলার বাদী বিমল শীল নিহত তেজেন্দ্র লাল শীলের ছেলে।