বাদী বিমল শীলের সাক্ষ্য গ্রহণ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলার বাদী বিমল শীলের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রামের ভারপ্রাপ্ত তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগমের আদালতে তাঁর সাক্ষ্য দেওয়া শেষ হয়। এর আগে গত ১৫ ও ২৩ মে এবং ৩ জুন তিন দফা আদালতে সাক্ষ্য দেন বিমল শীল। গতকাল বুধবার আদালতে দেওয়া সাক্ষ্যে বিমল শীল ওই হত্যাকাণ্ডের আগের কিছু ঘটনা বর্ণনা করে দোষী ব্যক্তিদের বিচার দাবি করেন। আদালত আগামী ১৬ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। উল্লেখ্য, গত ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের শীলপাড়ায় তেজেন্দ্রলাল শীলের বাড়িতে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাদী বিমল শীল নিহত তেজেন্দ্রলাল শীলের ছেলে। গতকাল আদালতে দেওয়া সাক্ষ্যে বিমল শীল বলেন, ‘২০০৩ সালের ১৮ নভেম্বর মধ্যরাতে সন্ত্রাসীরা ঘরে আগুন দিয়ে আমার বাবা তেজেন্দ্র শীলসহ ১১ জনকে পুড়িয়ে হত্যা করে। হত্যাকাণ্ড থেকে চার দিন বয়সী একটি শিশুও রেহাই পায়নি। আমি আদালতের কাছে অপরাধীদের বিচার চাই।’ এর আগে ৩ জুন আদালতে দেওয়া সাক্ষ্যে বিমল শীল জানিয়েছিলেন, স্থানীয় দুর্গা পুকুর নিয়ে এলাকার বাসিন্দা মনমোহন শীলের সঙ্গে মামলার আসামি নুরুল ইসলামের বিরোধ চলছিল। নুরুল ইসলাম ভয় দেখিয়ে মনমোহন শীলের কাছ থেকে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করেন। মনমোহন শীল এ বিষয়ে তেজেন্দ্র শীলকে বিচার দেন। ওই ঘটনার বিষয়ে গতকাল বুধবার আদালতে দেওয়া সাক্ষ্যের শুরুতে বিমল শীল বলেন, ‘মনমোহন শীল স্বাক্ষরিত অলিখিত (সাদা) স্ট্যাম্পটি আদালতে জমা আছে। আমার বাবা তেজেন্দ্র শীল গ্রামের অন্যায় ও জুলুমবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াত।’ বিরোধপূর্ণ দুর্গাপুকুরের বিষয়টি বিচার করতে মনমোহন শীল নিহত তেজেন্দ্রলাল শীলকে অনুরোধ করেছিল জানিয়ে সাক্ষ্যে বিমল শীল বলেন, ‘আমার বাবা তেজেন্দ্র শীল অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার বিষয়ে নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছিল। এই কারণে আসামি নুরুল ইসলাম আমার বাবার ওপর ক্ষিপ্ত হন। আমার বাবা মনমোহন শীলের পক্ষে কথা বলায় নুরুল ইসলামের পথের কাঁটা হয়ে দাঁড়ায়।’ এরই ধারাবাহিকতায় তেজেন্দ্র শীলের পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয় বলে সাক্ষ্যে দাবি করেন বিমল শীল। এই মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেলা পিপি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘চতুর্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার বাদী বিমল শীলের সাক্ষ্য শেষ হয়েছে। আসামিপক্ষের আইনজীবী তাঁকে আংশিক জেরা করেছেন। আগামী ১৬ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।’ উল্লেখ্য, ঘটনার আট বছর পর ২০১১ সালের ৯ জানুয়ারি আদালতে এই মামলার সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১১ সালের ১২ সেপ্টেম্বর আদালত ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। গত ২৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ আগের ধারা বাদ দিয়ে নতুন ধারায় অভিযোগ গঠনের জন্য আদালতে আবেদন করেন। এরপর গত ১৯ এপ্রিল ৩৭ জন আসামির বিরুদ্ধে আগের ‘সম্পত্তি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে খুন’-এর অভিযোগ আনা হয়। উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় ঘটনার অন্যতম আসামি বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়নি।