বাদী স্ত্রী হয়ে গেলেন স্বামী হত্যার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ নভেম্বর, ২০১৫। চট্টগ্রাম নগরের ফিশারিঘাটের বাবুল কলোনি। নিজ বাসার ৫০০ গজ দূরে বরফ বিক্রির দোকানের কর্মী রুবেল দাশের লাশ পাওয়া যায়। এ ঘটনায় তাঁর স্ত্রী সুমি দাশ বাদী হয়ে থানায় মামলা করেন। আসামি করা হয় রুবেলের এক বন্ধুকে। অভিযোগ করা হয়, পাওনা টাকা না পেয়ে তাঁর স্বামীকে খুন করা হয়েছে। একমাত্র আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
১৮ ডিসেম্বর ২০১৫। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বাদীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা কিন্তু বিভ্রান্তিকর তথ্য দেন তিনি। এরপর গা ঢাকা দেন বাদী।
১৭ জানুয়ারি, ২০১৬। সুমি দাশকে খুঁজে বের করে আবারও সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। তদন্ত কর্মকর্তাকে জানান, অনুশোচনা ও হতাশায় গা ঢাকা দিয়েছিলেন তিনি। স্বামী হত্যায় তিনি ও তাঁর বন্ধুরা জড়িত। অপরাধ স্বীকার করে পরদিন আদালতে জবানবন্দি দেন তিনি। এই স্বীকারোক্তির পর এবার বাদীকেই আসামি করে হত্যা মামলা করার প্রস্তুতি শেষ করেছে সিআইডি।
মামলাটি প্রথমে তদন্ত করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মহিবুর রহমান। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনি প্রথমে রুবেলের বন্ধু অমিত চক্রবর্তী, সেতু দাশ, হৃদয় দাশ, পলাশ দাশ, ডালিম দাশ ও রুপনা দাশকে গ্রেপ্তার করেন। আসামিদের রিমান্ডে নিয়েও হত্যা রহস্যের কিনারা করা যায়নি।
মামলার দ্বিতীয় তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক (এসআই) আবু জাফর মো. সালেহ প্রথম আলোকে বলেন, মামলাটি তদন্তের শুরু থেকে পুলিশকে সহযোগিতা করেননি বাদী। উল্টাপাল্টা তথ্য দিতে থাকেন। একপর্যায়ে তিনি গা ঢাকা দেন। ১৭ জানুয়ারি তাঁকে সিআইডি কার্যালয়ে আনা হলে তিনি স্বামীকে হত্যার কথা স্বীকার করেন। পরদিন চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত কর্মকর্তা বলেন, জবানবন্দিতে বাদী স্বীকার করেন, ঘটনার দিন রাতে তাঁর বন্ধু হৃদয়, পলাশ, ডালিম ও রুপনা দাশ মিলে স্বামীকে হত্যা করেন। বাসা থেকে রিকশায় করে কর্ণফুলী নদীতে লাশ ফেলে দিতে যায় বন্ধুরা। কিন্তু ফজরের আজান দিয়ে ফেলায় লোকজন দেখে ফেলবে ভয়ে বাসা থেকে ৫০০ গজ দূরে রাস্তার পাশে লাশ ফেলে দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আবু জাফর মো. সালেহ বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষ্য-প্রমাণে মামলার বাদী নিহত রুবেলের স্ত্রী সুমি দাশ ও তাঁর বন্ধু সেতু দাশ, হৃদয় দাশ, পলাশ দাশ, ডালিম দাশ, রুপনা দাশ, দোলন দাশসহ সাতজনকে আসামি করে শিগগিরই হত্যা মামলা করা হবে। আর সুমি দাশের করা হত্যা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবেন। সাত আসামির মধ্যে ছয়জনই কারাগারে রয়েছেন। পলাতক রয়েছেন দোলন দাশ। সুমি দাশের করা মামলার একমাত্র আসামি অমিত চক্রবর্তীও কারাগারে রয়েছেন। মামলার চূড়ান্ত প্রতিবেদনে তাঁকে অব্যাহতি দেওয়া হতে পারে।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মোশাররফ হোসাইন গত মঙ্গলবার তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করলেও তদন্ত ও স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্ত্রীই তাঁর বন্ধুদের নিয়ে স্বামীকে হত্যা করার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তাই ওই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে স্ত্রীসহ সাতজনকে আসামি করে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করবে।
সিআইডির তদন্তের সঙ্গে একমত পোষণ করে চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, হত্যা মামলার বাদী যেহেতু আসামি হয়ে গেছেন, তাই এই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিতে হবে। নতুন মামলায় বাদী ও তাঁর সহযোগীদের আসামি করে তদন্ত শেষে প্রতিবেদন দিতে হবে পুলিশকে।