বাদী হাজির না হওয়ায় শুনানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাদী হাজির না হওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার শুনানি হয়নি। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদার আদালতে মামলার বাদী নগর ছাত্রলীগের সাবেক নেতা সুফিয়ান সিদ্দিকীকে জেরার দিন ধার্য ছিল।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. আবুল হাশেম জানান, বাদীকে জেরার দিন ধার্য থাকলেও তিনি আদালতে হাজির হননি। এ ছাড়া মামলার আসামি মেয়র আ জ ম নাছির উদ্দিন, ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনীসহ অনেক আসামি হাজির হননি। তাঁরা আইনজীবীর মাধ্যমে হাজিরা দিয়ে সময়ের আবেদন করেন। পরে আদালত মঙ্গলবারও শুনানির দিন ধার্য রাখেন।
১৯৯৩ সালের ২৪ জানুয়ারি লালদীঘি মাঠে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় তৎকালীন নগর ছাত্রলীগ নেতা সুফিয়ান সিদ্দিকীর ওপর অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে সুফিয়ান সিদ্দিকী বাদী হয়ে কোতোয়ালি থানায় নাছিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন। ১৯৯৪ সালে এই মামলায় আসামিরা হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নেন। ২০১৪ সালের ৯ মার্চ তা প্রত্যাহার হয়।
গত ৬ এপ্রিল মামলার বাদীকে আংশিক জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। ওই দিন আইনজীবীদের জেরার মুখে বাদী সুফিয়ান সিদ্দিকী বলেছেন, ঘটনাস্থলে আসামিরা ছিলেন না। মামলার এজাহার তিনি লেখেননি, পড়েও দেখেননি।