বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় বাদী সাক্ষ্য দিতে না আসায় ৩ মার্চ সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য করা হয়েছে। গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ তারিখ ধার্য করেন।গতকাল এ মামলায় বাদী এ এফ এম আসিফের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আসিফ নিহত সাব্বিরের ভগ্নিপতি।গতকাল ট্রাইব্যুনালের কৌঁসুলি রফিকুল ইসলাম আদালতকে বলেন, সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য আছে। কিন্তু বাদী অনিবার্য কারণে আদালতে হাজির হতে পারেননি। তাই সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে আদালত সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন।প্রসঙ্গত, ২০০৬ সালের ৪ জুলাই রাতে সাব্বির খুন হন। এ মামলার প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফায়েত সোবহান সানবীর এবং অপর দুই আসামি নূরে আলম ও হুমায়ুন কবির পলাতক রয়েছেন। আসামি সানবীর তৎকালীন বিএনপি সরকারের উচ্চমহলের সঙ্গে যোগসাজশে বিদেশে চলে যান বাদীপক্ষ অভিযোগ করেছে। ২০০৮ সালের ৮ মে সিআইডি সাব্বির হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সানবীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পলাতক আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাঁদের অনুপস্থিতিতেই বিচারকাজ শুরুর আদেশ দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আসামি সামসুদ্দিন ও খায়রুল হাসান ওরফে উজ্জ্বল জামিনে আছেন।