বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় বাদী সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় ২৭ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য করা হয়েছে। গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ তারিখ ধার্য করেন।গতকাল এই মামলায় বাদী এ এফ এম আসিফের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আসিফ নিহত সাব্বিরের ভগ্নিপতি।ট্রাইব্যুনালের কৌঁসুলি রফিকুল ইসলাম আদালতকে বলেন, সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য আছে। কিন্তু বাদী অনিবার্য কারণে আদালতে হাজির হতে পারেননি। তাই সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে আদালত সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন।প্রসঙ্গত, ২০০৬ সালের ৪ জুলাই রাতে সাব্বির খুন হন। ২০০৮ সালের ৮ মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সাব্বির হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফায়েত সোবহান সানবীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলার প্রধান আসামি সানবীর, অপর চার আসামির দুজন নূরে আলম ও হুমায়ুন কবির পলাতক। দুই আসামি সামসুদ্দিন ও খায়রুল হাসান ওরফে উজ্জ্বল জামিনে আছেন। সানবীর তৎকালীন চারদলীয় জোট সরকারের উচ্চমহলের সঙ্গে যোগসাজশে বিদেশে চলে যান বলে অভিযোগ আছে।