কিশোরগঞ্জের নিকলীতে চাঞ্চল্যকর লোকমান হত্যা মামলায় বাদীসহ চারজন সরাসরি জড়িত। গত রোববার আসামি নিজাম উদ্দিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন। নিজাম উদ্দিনকে নিয়ে এ মামলার চার আসামিকেই পুলিশ রোববার গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন নিহত লোকমানের হত্যা মামলার বাদী চাচাতো ভাই হাবিব (৪২), তাঁর ছোট ভাই সাফি উদ্দিন (২৮), চাচা মিয়া হোসেন (৫৫) ও বন্ধু নিজাম উদ্দিন। চারজনকেই গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, রোববার ভোরে নিকলী থানার পুলিশ লোকমান হত্যা মামলার আসামি হাবিবের বন্ধু নিজাম উদ্দিনকে সিলেটের শাহ পরান থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। নিজাম উদ্দিনকে পুলিশ ওই দিন বেলা ১১টায় কিশোরগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহাদাৎ হোসেনের আদালতে হাজির করেন।
আদালতে দেওয়া জবানবন্দিতে নিজাম উদ্দিন বলেন, ‘লোকমান হত্যাকাণ্ডে আমিসহ (নিজাম) চারজন সরাসরি অংশ নিই। অন্যরা হলেন মামলার বাদী নিহত লোকমানের চাচাতো ভাই হাবিব, তাঁর ছোট ভাই সাফি উদ্দিন ও চাচা মিয়া হোসেন। গত বছরের ৮ মার্চ দামপাড়া ইউনিয়নের নয়াহাটির ফিরোজ আলীর ছেলেদের নামে লোকমানের বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগে হাবিব বাদী হয়ে নিকলী থানায় একটি মামলা করেন। এলাকার গণ্যমান্য লোকজন সাড়ে তিন লাখ টাকায় ওই ঘটনা আপস-মীমাংসা করেন। ওই টাকার এক লাখ ছিল হাবিবের কাছে। হাবিবের কাছে লোকমান এ টাকা চাইলে লোকমানকে হত্যার পরিকল্পনা করেন হাবিব। গত ৩ ফেব্রুয়ারি রাত নয়টার সময় আমি (নিজাম), হাবিব, সাফি উদ্দিন, লোকমান হোসেন ও মিয়া হোসেন মিলে মদ খেতে যাই। এ সময় হাবিব মদের সঙ্গে দুই পাতা ঘুমের বড়ি মিশিয়ে দেয়। সবাই একটু একটু করে মদ খেলেও লোকমান বেশি খেয়ে বেহুঁশ হয়ে পড়ে। রাত অনুমান ১১টার সময় লোকমানকে নিয়ে বাড়ির পাশে রইছ উদ্দিনের বেগুনখেতে নিয়ে যায় তারা। হাবিব প্রথমে লোকমানের মাথায় লাঠি দিয়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। এরপর সাফি উদ্দিন ও মিয়া হোসেন দা ও চাপাতি দিয়ে লোকমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। আমি কিছু করিনি। এরপর লোকমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে আমরা সবাই বাড়িতে যাই। এর পরদিনই আমি বাড়ি চলে যাই।’
তদন্তের দায়িত্বে থাকা নিকলী থানার ওসি মকবুল হোসেন মোল্লা আদালতে নিজাম উদ্দিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, লোকমান হত্যায় জড়িত চারজন আসামিকেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তবে ওই হত্যা মামলায় যাঁরা বর্তমানে জেলে ও পলাতক রয়েছেন, তাঁদের নাম অভিযোগপত্র থেকে বাদ যাবে।