বাদীকে আরও এক মাস সময় দিলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগের নেতা শফিক উদ্দিনের বিরুদ্ধে সিলেটে হত্যা মামলা ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় প্রত্যাহার ঠেকাতে আদালতে মামলার বাদী আপত্তি আবেদন করেছিলেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বাদীকে আরও এক মাসের সময় দিয়েছেন আদালত।
এর আগে আপত্তি আবেদনের ওপর শুনানি শেষে গত ২৯ সেপ্টেম্বর আদালত বাদীকে প্রথম দফায় ১৫ দিন সময় দিয়েছিলেন। গতকাল রোববার ওই ১৫ দিনের মেয়াদ শেষ হয়। গতকাল সিলেটের অতিরিক্ত দায়রা জজ (প্রথম) আদালতে বাদীপক্ষে আপত্তি দাখিলকারী আইনজীবী মামলাটি প্রত্যাহার না করতে দ্বিতীয় দফায় আরও এক মাসের সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী সুহেল আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতে মামলাটি নিয়ে বাদীর একটি দরখাস্ত থাকার বিষয়টি জেনে আদালত প্রথম দফায় ১৫ দিন এবং গতকাল দ্বিতীয় দফায় আরও এক মাসের সময় দিয়েছেন। উচ্চ আদালতে দাখিল করা ওই দরখাস্তের ওপর এ সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত এলে আদালত তা অনুসরণ করবেন। নতুবা মামলাটি প্রত্যাহার করা হবে।
২০০৪ সালের ২৭ আগস্ট সিলেটের গোলাপগঞ্জে ডাক বিভাগের কর্মী আবদুল ওয়াহিদ ওরফে খলু মিয়াকে গুলি করে হত্যা করা হয়।
জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে ওই হত্যাকাণ্ড ঘটে। সে সময় খলু মিয়ার ভাই মুহিবুর রহমান বাদী হয়ে গোলাপগঞ্জের তৎকালীন ছাত্রলীগের সভাপতি ও গোলাপঞ্জের ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি শফিক উদ্দিনকে প্রধান আসামি করে ওই হত্যা মামলা করেন। ২০০৫ সালের ১৯ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আসামি শফিক উদ্দিন, নিজাম উদ্দিন, ফজলুল হক, কান্তি কুমার শর্মা ও রাজা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
ঘটনার পর যুক্তরাষ্ট্রে পালিয়ে যান শফিক উদ্দিন। সম্প্রতি তিনি দেশে এসে আদালতে আত্মসমর্পণ করে উচ্চ আদালত থেকে জামিন নেন।
এরই মধ্যে উচ্চ আদালতের নির্দেশে মামলার পুনর্বিচারও শুরু হয়। তবে পুরো ঘটনাকে রাজনৈতিক হয়রানিমূলক আখ্যা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি মামলাটি প্রত্যাহারের আবেদন করেছেন। এ-সংক্রান্ত কাগজপত্র সিলেটের আদালতে পৌঁছালে বাদীপক্ষে মামলার প্রত্যাহার ঠেকাতে
আদালতে আপত্তি আবেদনটি দাখিল করা হয়।