বাদীকে আরও ৩০ আসামির জেরা, অপ্রাসঙ্গিক প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিগন্যালম্যান সাইদ মাহমুদ মামলার বাদীকে প্রশ্ন করলেন, ‘বিদ্রোহ দেখে আপনার কী মনে হয়েছে, বিডিআর সৈনিকেরা বিদ্রোহ করেছে, নাকি বহিঃশত্রু আক্রমণ করেছে।’ বাদী বললেন, ‘আমার কিছু মনে হয়নি, আমার চোখের সামনে সৈনিকেরা বিদ্রোহ করেছে।’ সেপাই মাহবুবুল আলম প্রশ্ন করলেন, ‘বিদ্রোহের সময় আপনি কি কাউকে বাধা দিয়েছিলেন?’ বাদী উত্তর দিলেন, ‘আমি তখন নিরস্ত্র ছিলাম।’বিডিআরে বিদ্রোহ মামলায় ১৩ রাইফেল ও সংযুক্ত ব্যাটালিয়নের আসামিরা গতকাল মঙ্গলবার আদালতে বাদী সুবেদার মোহাম্মদ ফরিদউদ্দিন আহমেদকে এ রকম অপ্রাসঙ্গিক প্রশ্নও করেন। গতকাল তাঁকে জেরা করেন ৩০ জন। আদালত বারবার তাঁদের চিন্তা করে নিজের কাজে লাগে এমন প্রশ্ন করতে বলেন।বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৮-এ গতকাল কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ১০টায়। আদালতে সভাপতি ছিলেন বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক। তাঁকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল মো. সেরাজুল হক ও মেজর জাহিদুর রহমান খান। অ্যাটর্নি জেনারেলের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী। প্রসিকিউটর ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জায়েদ হোসেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল, মনজুর মোহাম্মদ শাহনেওয়াজ ও মনজুর আলম।বাদীকে জেরাকালে সেপাই আলতাফুজ্জামান প্রশ্ন করেন, ‘হাবিলদার মহিউদ্দিনের বুকে অস্ত্র ঠেকিয়ে মাইক কেড়ে নিয়েছিলাম, সেটা কি আপনি নিজে দেখেছিলেন?’ জবাবে বাদী বলেন, ‘এটা তো ভিডিওতে প্রমাণ আছে।’ চালক ফিরোজ মিয়া প্রশ্ন করেন, ‘পার্কিং এলাকা থেকে আমি যে গাড়ি নিয়েছিলাম সেটা আপনি জানলেন কী করে?’ বাদী বললেন, ‘আমি পার্কিং এলাকায় কোনো গাড়ি দেখিনি।’ সেপাই দেলোয়ার হোসেন প্রশ্ন করেন, ‘আমি যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গিয়েছিলাম, সেটা কি জানেন?’ জবাবে বাদী জানান, ‘না।’ নায়েক নুরুল ইসলাম জানতে চান, ম্যাগাজিন লুটপাটের সময় আপনি কি বাধা দিয়েছিলেন? জবাবে বাদী জানান, তিনি তখন দরবার হলে ছিলেন।সেপাই কলিমুল্লাহ প্রশ্ন করেন, ‘আপনি সৈনিকদের কোনো আদেশ দিয়েছিলেন কি?’ জবাবে বাদী দরবার হলে থাকার কথা জানান। আদালত বলেন, ‘এটা আপনার জানার প্রয়োজন নেই। আপনি নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করুন।’এক দফা বিরতি দিয়ে আদালত চলে দুপুর সোয়া দুইটা পর্যন্ত। পরে আদালত আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়। এ নিয়ে গত দুই দিনে ৪৬ আসামি বাদীকে জেরা করলেন। আজ জেরা করবেন ১৭ জন।বিডিআর সদর দপ্তরে বিদ্রোহে অংশগ্রহণ, সহায়তা ও উৎসাহ দেওয়ার অভিযোগে এ মামলায় ১৩ রাইফেল ব্যাটালিয়ন ও সংযুক্ত ব্যাটালিয়নের ৬২২ জনের বিরুদ্ধে এই বিচার-প্রক্রিয়া শুরু হয়।