বাদীকে আসামি পক্ষের জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় বাদীকে আসামিপক্ষের আইনজীবীদের জেরা অব্যাহত আছে। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শহীদুল ইসলামের আদালতে বাদী নিহতের মামা প্রকাশ দাশকে জেরা করা হয়। আজ বুধবার পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।
গত ১৮ ফেব্রুয়ারি বাদী তাঁর সাক্ষ্যে উল্লেখ করেন, এলাকায় মাদকের প্রতিবাদ করায় হিমাদ্রী মজুমদারকে কুকুর লেলিয়ে আসামিরা হত্যা করে। এরপর ২৪ ফেব্রুয়ারি বাদীকে জেরা শুরু করেন আসামির আইনজীবীরা। চট্টগ্রাম মহানগরের অতিরিক্ত পিপি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বাদীকে আসামি শাহাদাৎ হোসেনের আইনজীবীর জেরা অব্যাহত আছে। জেরাকালে আসামিদের নির্দোষ দাবি করেন তাঁদের আইনজীবী। উত্তরে বাদী আসামিরা পরস্পর যোগসাজশে হিমাদ্রীকে হত্যা করে বলে আদালতকে জানান।
উল্লেখ্য, ২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে হত্যা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ গত ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, জাহিদুল ইসলাম শাওন, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খান ড্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। তাঁদের মধ্যে শাহ সেলিম টিপু ও শাহাদাত হোসাইন ছাড়া অন্যরা পলাতক রয়েছেন।