হিমাদ্রী মজুমদার হত্যা মামলার বাদীকে আসামি-পক্ষের আইনজীবীদের জেরা অব্যাহত রয়েছে। চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে গতকাল মঙ্গলবার বিকেলে মামলার বাদী ও হিমাদ্রীর মামা প্রকাশ দাসকে জেরা করা হয়। আদালত আজ বুধবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
এলাকায় মাদক বিস্তারের প্রতিবাদ করায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে হত্যা করা হয় বলে বাদী গত ১৮ ফেব্রুয়ারি তাঁর সাক্ষ্যে উল্লেখ করেন। এরপর ২৪ ফেব্রুয়ারি বাদীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা।
চট্টগ্রাম মহানগরের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) অনুপম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আসামি শাহ সেলিম ওরফে টিপু ও শাহাদাৎ হোসেন ওরফে সাজুর আইনজীবী বাদীকে জেরা করেছেন। শাহ সেলিমের আইনজীবীর জেরা গতকাল শেষ হয়েছে। আসামি শাহাদাৎ হোসেনের আইনজীবীর জেরা এখনো বাকি রয়েছে। জেরার সময় আসামিদের নির্দোষ দাবি করে তাঁদের আইনজীবীরা বলেন, মাদক বিস্তারের প্রতিবাদ করায় হিমাদ্রীকে হত্যা করা হয় বলে বাদী যে অভিযোগ করেছেন, তা কাল্পনিক। জবাবে বাদী তা প্রত্যাখ্যান করেন।
সামারফিল্ড স্কুলের ‘এ’ লেভেলের ছাত্র ছিল হিমাদ্রী। নগরের পাঁচলাইশ এলাকায় তার পেছনে ২০১২ সালের ২৭ এপ্রিল কুকুর লেলিয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার একটি হাসপাতালে ২৩ মে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ গত বছরের ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। প্রধান আসামি শাহ সেলিম, জুনায়েদ রিয়াদ, জাহিদুল ইসলাম ওরফে শাওন, শাহাদাৎ হোসেন ও মাহাবুব আলী খান ওরফে ড্যানির বিরুদ্ধে আদালত ৩ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন। শাহ সেলিম ও শাহাদাৎ হোসেন ছাড়া বাকি তিনজন পলাতক রয়েছেন।