বাদীকে আসামিপক্ষের জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় বাদীকে জেরা অব্যাহত রেখেছেন আসামিপক্ষের আইনজীবী। এদিকে এ মামলার বিচারের নথিপত্র পৃথক আদালতে স্থানান্তর করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালত থেকে গতকাল মঙ্গলবার মামলার নথিপত্র চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শহীদুল ইসলামের আদালতে স্থানান্তর করা হয়। পরে এই আদালতে মামলার বাদী নিহত হিমাদ্রীর মামা প্রকাশ দাশ অসিতকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। আজ বুধবারও তাঁকে জেরা করার দিন ধার্য রয়েছে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বাদী তাঁর সাক্ষ্যে উল্লেখ করেন, এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হিমাদ্রী মজুমদারকে কুকুর লেলিয়ে দিয়ে আসামিরা হত্যা করেন। এরপর গত ২৪ ফেব্রুয়ারি বাদীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী।
চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, বাদীকে আসামি জাহিদুল ইসলাম শাওনের আইনজীবীর জেরা অব্যাহত আছে। আদালতে জেরাকালে আসামিদের নির্দোষ বলে দাবি করেন তাঁদের আইনজীবী।
হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার প্রথম আলোকে বলেন, মামলাটি মহানগর দায়রা জজ আদালত থেকে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরের পর বাদীকে আসামিদের আইনজীবীরা জেরা করেছেন।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে আহত করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় থানায় মামলা করা হয়।
তদন্ত শেষে পুলিশ গত বছরের ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এ বছরের ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, জাহিদুল ইসলাম শাওন, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খান ড্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
আসামিদের মধ্যে শাহ সেলিম টিপু ও শাহাদাত হোসাইন ছাড়া অন্যরা পলাতক রয়েছেন।