বাদীকে এসিড নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় ধর্ষণের মামলার আসামি ও তাঁদের সহযোগীরা মামলার বাদীর গলা ও বুক এসিডে ঝলসে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামে। এসিডদগ্ধ ওই নারীকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসিডদগ্ধ ওই নারীর মামা মোশাররফ বিশ্বাস জানান, চার বছরের মেয়েকে বড় বাংরাইল গ্রামের দরিদ্র মা-বাবার সঙ্গে বসবাস করত তাঁর ভাগ্নি। গত বছরের আগস্টে একই এলাকার সেলিম বিশ্বাস (২৮), সাইদ আলী (৩৬) ও লিটন বিশ্বাস (২৫) তাঁকে ধর্ষণ করেন। এ বিষয়ে তিনি আদালতে ওই তিনজনকে আসামি করে মামলা করেন। এসিডদগ্ধ ওই নারী জানান, বুধবার ফরিদপুর থেকে মামলার কাজ সেরে বাড়ি যাওয়ার পথে আসামিরা তাঁকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেন। কিন্তু তিনি এতে রাজি হননি। বুধবার রাতে দুর্বৃত্তদের ছোড়া এসিডে তাঁর গলা ও বুক ঝলসে যায়।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিত্সক ফয়সাল জানান, এসিডদগ্ধ রোগীদের চিকিত্সার সুযোগ না থাকায় তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সালথা থানায় এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।