চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার চিকিৎসক সাক্ষী আসামিপক্ষের আইনজীবীদের জেরার জবাবে বলেছেন, তিনি বাদীকে চেনেন না। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদার আদালতে এ জেরা করা হয়।
আইনজীবীরা জানান, জেরাকালে চিকিৎসক দিলীপ চক্রবর্তী আদালতকে বলেছেন, ঘটনার দিন তিনি চট্টগ্রামে ছিলেন না। সুফিয়ান সিদ্দিকী (মামলার বাদী) নামের কাউকে চিকিৎসাও দেননি তিনি। তাঁর নাম ব্যবহার করে কেউ ভুয়া চিকিৎসা সনদ দিতে পারে।
আ জ ম নাছির মেয়রের পাশাপাশি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন। মামলার অন্য আসামিদের মধ্যে ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারীও রয়েছেন। নিজাম হাজারীসহ ১৭ আসামি গতকাল আদালতে উপস্থিত ছিলেন। মেয়র নাছির উপস্থিত না থাকায় তাঁর আইনজীবী সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
১৯৯৩ সালের ২৪ জানুয়ারি লালদীঘি মাঠে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় তৎকালীন নগর ছাত্রলীগের নেতা সুফিয়ান সিদ্দিকীর ওপর অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে সুফিয়ান সিদ্দিকী কোতোয়ালি থানায় নাছিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন। ১৯৯৪ সালে এ মামলায় আসামিরা হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নেন। ২০১৪ সালের ৯ মার্চ তা প্রত্যাহার হয়।
জেরাকালে মামলার বাদী দাবি করেন, তৎকালীন বিএনপি সরকারের চাপে পড়ে মামলাটি করেছিলেন তিনি।
মেয়র নাছিরের আইনজীবী চন্দন বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘জেরাকালে সাক্ষী দিলীপ চক্রবর্তী জানান, ঘটনার দিন তিনি রাঙামাটি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। সুফিয়ান সিদ্দিকী নামের কাউকে চট্টগ্রামে চিকিৎসা করার প্রশ্নই ওঠে না। তাঁর নাম ব্যবহার করে ভুয়া চিকিৎসা সনদ দিয়ে কেউ মামলা করতে পারেন।’