সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলার বাদীকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। এই মামলার বাদী চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান। তিনি মাহমুদা হত্যা মামলারও তদন্ত কর্মকর্তা। গতকাল সোমবার তাঁকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে জেরা করা হয়।
একই আদালত গতকাল এই মামলার আসামি এহতেশামুল হক ওরফে ভোলার জামিন আবেদন নামঞ্জুর করেন। ভোলার আইনজীবী শামসুদ্দিন আবুল কালাম বাদীকে জেরা করার সময় আদালতকে বলেন, পুলিশ ভোলার কাছ থেকে অস্ত্র উদ্ধার করেনি। অস্ত্রগুলো উদ্ধার হয়েছে মনিরের কাছ থেকে। জবাবে বাদী আদালতকে বলেন, জিজ্ঞাসাবাদে ভোলার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র-গুলি মনিরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
গত বছরের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয় মাহমুদা খানমকে। মামলার তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশ ২৭ জুন নগরের বাকলিয়ার রাজাখালী থেকে ভোলাকে গ্রেপ্তার করে। আর হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি পাওয়া যায় মনির হোসেন নামের আরেক ব্যক্তির কাছে। তাঁর কাছে অস্ত্র রাখেন ভোলা। পরে এই দুজনকে আসামি করে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়। তদন্ত শেষে গত বছরের ২৮ জুলাই অস্ত্র মামলায় তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর গত ২২ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। গত ১৮ জানুয়ারি এই মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
বাদীকে জেরার বিষয়ে চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, জেরাকালে আসামি মনিরের আইনজীবী এনামুল হক বলেন, ভোলার কর্মচারী মনির। মাহমুদা হত্যাকাণ্ডের পর ভোলা মনিরকে একটি ব্যাগ রাখতে দেন। মনির জানতেন না ব্যাগের ভেতর অস্ত্র ছিল। মনির উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।