চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার বাদীকে আংশিক জেরা করেছেন আসামি-পক্ষের আইনজীবীরা।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে মামলার বাদী নিহতের মামা প্রকাশ দাশ অসিতকে জেরা করা হয়। পরে আদালত আজ বুধবার পর্যন্ত জেরা মুলতবি ঘোষণা করেন।
জেরাকালে কোনো প্রশ্নের উত্তরে হ্যাঁ আর কোনোটির উত্তরে না বলেন তিনি। ১৮ ফেব্রুয়ারি বাদী তাঁর সাক্ষ্যে উল্লেখ করেন, এলাকায় মাদকের প্রতিবাদ করায় হিমাদ্রী মজুমদারকে কুকুর লেলিয়ে আসামিরা হত্যা করেন।
মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘বাদীর সাক্ষ্যের ওপর আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। ষড়যন্ত্রমূলকভাবে আসামিদের মামলায় জড়ানো হয়েছে দাবি করা হলেও নিহতের জবানবন্দিতে তা উল্লেখ রয়েছে বলে বাদী জেরাকালে বলেন।’
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে হত্যা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান হিমাদ্রী। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ গত ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম ওরফে টিপু, জুনায়েদ রিয়াদ, জাহিদুল ইসলাম ওরফে শাওন, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খান ওরফে ড্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এঁদের মধ্যে শাহ সেলিম ও শাহাদাত হোসাইন ছাড়া অন্যরা পলাতক রয়েছেন।