চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় বাদীকে আসামি পক্ষের আইনজীবীদের জেরা শেষ হয়েছে।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহীদুল ইসলামের আদালতে বাদী নিহতের মামা প্রকাশ দাশকে জেরা করা হয়। আগামী ২৪ মার্চ পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত।
গত ১৮ ফেব্রুয়ারি বাদী তাঁর সাক্ষ্যে উল্লেখ করেন, এলাকায় মাদকের প্রতিবাদ করায় হিমাদ্রী মজুমদারকে কুকুর লেলিয়ে আসামিরা হত্যা করেন। এরপর ২৪ ফেব্রুয়ারি বাদীকে জেরা শুরু করেন আসামির আইনজীবীরা।
চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পিপি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বাদীকে জামিনে থাকা আসামি শাহাদাৎ হোসেনের আইনজীবীর জেরা শেষ হওয়ার পর পলাতক আসামি মাহাবুব আলী খান ড্যানি ও জুনায়েদ রিয়াদের পক্ষে (এসডিএল) স্টেট ডিফেন্স ল‘ইয়ার রাষ্ট্রপক্ষের আইনজীবী জেরা শেষ করেন। জেরাকালে আসামিদের নির্দোষ দাবি করেন তাঁদের আইনজীবী। উত্তরে বাদী আসামিরা পরস্পর যোগসাজশে হিমাদ্রীকে হত্যা করে বলে আদালতকে জানান।
অতিরিক্ত পিপি আরও বলেন, বাদীকে পলাতক ও জামিনে থাকা আসামিদের আইনজীবীর জেরা শেষ হওয়ায় আগামী ধার্য দিনে পরবর্তী সাক্ষী সাক্ষ্য দেবেন আদালতে। ২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে হত্যা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান হিমু।