১০ ট্রাক অস্ত্র আটক মামলা : ৩০ জানুয়ারি রায় ঘোষণায় বাধা নেই
বাদীকে জেরার ও আদালত বদলের আবেদন খারিজ
১০ ট্রাক অস্ত্র মামলায় আদালত বদল ও বাদী আহাদুর রহমানকে আবার জেরার নির্দেশনা চেয়ে করা চারটি আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।
ফলে ৩০ জানুয়ারি এ মামলার রায় ঘোষণায় আইনগত কোনো বাধা রইল না বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। আবেদনকারীরা হলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মো. আবদুর রহিম, সাবেক উপপরিচালক লিয়াকত হোসেন ও সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান।
১৩ জানুয়ারি চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এ ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা দুটি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেদিন বিচারিক আদালত ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) রায়ের দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, মামলার বাদী ও প্রথম তদন্তকারী কর্মকর্তা আহাদুর রহমানকে আবার জেরা এবং আদালত পরিবর্তনের বিষয়ে নির্দেশনা চেয়ে হাইকোর্টে দুটি আবেদন করেন আকবর হোসেন খান। একই বিষয়ে দুটি আবেদন করেন আবদুর রহিম ও লিয়াকত হোসেন। ২৩ জানুয়ারি হাইকোর্ট শুনানি শেষে গতকাল আদেশের দিন ধার্য করেন।
আবেদনকারীর পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, শাহ মঞ্জুরুল হক ও মোহাম্মদ আহসান মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
খোন্দকার দিলীরুজ্জামান প্রথম আলোকে বলেন, চার আবেদনই খারিজ করেছেন হাইকোর্ট। ফলে ৩০ জানুয়ারি ধার্য তারিখে রায় ঘোষণায় আইনগত কোনো বাধা নেই।
আকবর হোসেনের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, মক্কেলের সঙ্গে আলোচনা করে খারিজ আদেশের বিরুদ্ধে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিতে খালাসের সময় ১০ ট্রাক অস্ত্র ধরা পড়ে। এ ঘটনায় কর্ণফুলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমান দুটি মামলা (অস্ত্র ও চোরাচালান) করেন। এ দুই মামলায় স্থানীয় চোরাকারবারি হাফিজুর রহমানসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বাকি আসামিদের প্রায় সবাই স্থানীয় পরিবহনমালিক ও শ্রমিক।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আদালতের নির্দেশে মামলা দুটির অধিকতর তদন্ত শুরু হয়। নতুন ১১ জনকে আসামি করে ২০১১ সালের ২৬ জুন সিআইডি উভয় মামলার সম্পূরক অভিযোগপত্র দেয়। ওই ১১ জন হলেন: জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক রেজ্জাকুল হায়দার, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক আবদুর রহিম, সাবেক পরিচালক শাহাবুদ্দিন আহমদ, সাবেক উপপরিচালক লিয়াকত হোসেন, সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার ও মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক, সাবেক শিল্পসচিব নুরুল আমিন ও ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া। শেষ দুজন পলাতক ও বাকিরা কারাগারে আছেন।