বাদীকে জেরায় শেষবারের মতো সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় করা দুই মামলার একটির বাদীকে জেরা করতে প্রধান আসামি নূর হোসেন ও অন্যতম আসামি তারেক সাঈদ মোহাম্মদের আইনজীবীদের শেষবারের মতো সময় মঞ্জুর করেছেন আদালত।
চতুর্থবারের মতো এ দুই আসামির আইনজীবীদের সময়ের আবেদন মঞ্জুর হওয়ায় বাদীকে জেরার তারিখ পিছিয়ে ১৪ মার্চ ধার্যের আদেশ দেওয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবী অভিযোগ করেন, বিচারকাজ বিলম্বিত করতেই নানা অজুহাতে বারবার সময় চাইছে আসামিপক্ষ।
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে ওই আদেশ দেন। এ সময় কারাগারে আটক ২৩ আসামিকে হাজিরা শেষে কারাগারে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়।
গতকাল সকালে আদালতের কার্যক্রম শুরু হওয়ার সময় মামলার বাদী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম উপস্থিত ছিলেন। ৩৫ আসামির মধ্যে ৩৩ জনের পক্ষে আগেই তাঁকে জেরা করা হয়েছে। তবে করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র্যা বের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদের আইনজীবীরা তাঁকে জেরা না করে হাইকোর্টে কোয়াশমেন্ট পিটিশন দায়েরের কথা বলে বারবার সময় চান।
নূর হোসেনের আইনজীবী খোকন সাহা ও তারেক সাঈদের আইনজীবী গোলাম কিবরিয়া গতকাল চতুর্থবারের মতো সময় চাওয়ায় পিপি ওয়াজেদ আলী খোকন ও বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান এর বিরোধিতা করেন। বিচারক এনায়েত হোসেনও কোনো কাগজপত্র দাখিল না করে সময় চাওয়ায় বিরক্তি প্রকাশ করেন। দুই আসামির আইনজীবী আদালতকে বলেন, এ মামলার সার্টিফায়েড কপি না পাওয়ায় তাঁরা সেটা হাইকোর্টে দেখাতে পারছেন না। পিপি বলেন, ‘সার্টিফায়েড কপি না পাওয়ার কোনো কারণ নেই। ৩ মার্চ এ মামলার সর্বশেষ শুনানি হয়েছে। আজ (গতকাল) ১০ মার্চ। ৩ মার্চ পর্যন্ত সব মামলার সার্টিফায়েড কপি দেওয়া হয়েছে।’