বাদীকে পরবর্তী জেরা ১১ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার বাদীকে আসামিপক্ষের আইনজীবীদের জেরা অব্যাহত রয়েছে।

গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহীদুল ইসলামের আদালতে বাদী নিহতের মামা প্রকাশ দাশ অসিতকে জেরা করা হয়। পরবর্তী জেরার দিন আগামী ১১ মার্চ ধার্য করা হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি বাদী তাঁর সাক্ষ্যে উল্লেখ করেন, এলাকায় মাদকের প্রতিবাদ করায় হিমাদ্রী মজুমদারকে কুকুর লেলিয়ে আসামিরা হত্যা করেন। এরপর গত ২৪ ফেব্রুয়ারি বাদীকে জেরা করেন আসামির আইনজীবী।

চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পিপি অনুপম চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, বাদীকে আসামি শাহ সেলিম টিপুর আইনজীবীর জেরা অব্যাহত আছে। জেরাকালে আসামিকে নির্দোষ দাবি করেন তাঁর আইনজীবী। মাদকের প্রতিবাদ করায় হিমাদ্রীকে হত্যা করা হয় বলে বাদী যে অভিযোগ করেছেন তা কাল্পনিক বলে দাবি করেন। উত্তরে বাদী তা অস্বীকার করেন। এ ছাড়া বাদী নিহতের আপন মামা না হয়েও কেন মামলার বাদী হলেন। বাবা-মা বাদী হননি কেন। এসব জেরাকালে বাদী প্রকাশ দাশ অসিত বলেন, ‘পরিবারের লোকজন বিমর্ষ হয়ে পড়ায় তাঁদের পরামর্শে আমি বাদী হয়েছি। হিমাদ্রী আমার জ্যাঠাতো বোনের ছেলে। ’

২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমুকে কুকুর লেলিয়ে দিয়ে হত্যা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান হিমাদ্রী। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ গত ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, জাহিদুল ইসলাম শাওন, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খান ড্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। শাহ সেলিম টিপু ও শাহাদাত হোসাইন ছাড়া অন্যরা পলাতক রয়েছেন।