বাদীকে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর থানায় হত্যা মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেন মামলার বাদীসহ নিহতের পরিবার। বাদী এ ঘটনায় চলতি মাসে পৃথক দুটি লিখিত অভিযোগ থানা পুলিশের কাছে দায়ের করেন।হত্যা মামলার বাদী উপজেলার সুঘাট ইউনিয়নের চকরাজিব গ্রামের ইছাহাক আলী জানান, তাঁর ভাতিজা আলাউদ্দিন ২৯ সেপ্টেম্বর রাতে গ্রামের ওমরপাড়া পাকা সড়কের ওপর দুষ্কৃতকারীদের ধারালো ছোরার আঘাতে নিহত হন। এ ঘটনায় পরদিন তিনি বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ মামলার সূত্র ধরে একই গ্রামের মো. কাজল উদ্দিনকে গ্রেপ্তার করে। বর্তমানে সে বগুড়া কারাগারে রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে কাজলের বাবা মো. হাফেজ উদ্দিন (৫০) ও দুই ভাই ফেরদৌস আলী (২৭) ও মো. রুবেল হোসেন (২২) তাঁকে একাধিকবার হত্যা মামলা তুলে নিতে হুমকি দেন। এতে তিনি অপারগতা প্রকাশ করলে ওই তিনজন তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এ ঘটনায় তাঁদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এ হুমকির ঘটনায় তিনি গত সোমবার ও এর আগে ১২ নভেম্বর থানায় দুটি লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু পুলিশ আইনগত কোনো ব্যবস্থা নেয়নি।সুঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, আলাউদ্দিন হত্যা মামলার বাদী ও তাঁদের পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার সংবাদ তিনি শুনেছেন। মুঠোফোনে মো. ফেরদৌস আলী হত্যা মামলার বাদীকে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেন।থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, বাদীকে হুমকি দেওয়ার ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।