গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সারদাগঞ্জ গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল করিম হত্যা মামলার আসামিরা জামিনে এসে বাদী আলী হোসেন ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আলী হোসেন জয়দেবপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।নিহত মুক্তিযোদ্ধা আবদুল করিমের স্ত্রী তারামন নেছা অভিযোগ করেন, তাঁর স্বামীকে হত্যার পর জেলা প্রশাসকের দেওয়া নগদ টাকা ও টিন দিয়ে তিনি ঘর তৈরি করতে গেলে জামিনে ছাড়া পাওয়া আসামিরা কাজ বন্ধ করে দেয়। তাদের ভয়ে তাঁরা পার্শ্ববর্তী কাশিমপুর বাজারেও যেতে পারেন না। মামলার বাদী নিহতের ছেলে আলী হোসেন বলেন, দুটি জিডি করলেও আসামিরা এখনো নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। সাক্ষীদেরও নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।মামলার প্রধান আসামি আলমগীর কাজী বলেন, মামলার বাদীপক্ষ স্বাধীনভাবে এলাকায় বসবাস ও চলাফেরা করছে। তাদের কেউ কোনো রকম ভয়ভীতি বা হুমকি দেয়নি। আবদুল করিমকে হত্যার সঙ্গে তিনি বা তাঁর পরিবারের কেউ জড়িত নন বলে দাবি করেন তিনি।মামলার তদন্তকারী কর্মকর্তা গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মদন মোহন বণিক জানান, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। খুব শিগগরিই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে।