বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বেহাকুর এলাকার কলেজছাত্র মাহফুজুর রহমান ওরফে রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা বাদীকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাদীর অভিযোগ, মামলা তুলে না নিলে তাঁর সন্তানকে অপহরণ করার হুমকিও দিচ্ছে আসামিরা। মামলার বাদী আবদুল্লাহ ওরফে বাদশা মিয়া জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৮ এপ্রিল কলেজছাত্র মাহফুজুরকে তার ভগ্নিপতি হাফিজুর রহমান ওরফে হাফেজ ফোন করে তাঁদের কাঁচপুর সোনাপুরের বাড়িতে নিয়ে যান। পরে হাফিজুরের বাড়ি থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হাফিজুর রহমানসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন মাহফুজুরের বাবা আবদুল্লাহ। পুলিশ এখনো মামলার প্রধান আসামি হাফিজুরকে গ্রেপ্তার করতে পারেনি। মামলার বাদী আবদুল্লাহ বলেন, ‘জামাতা হাফিজুর আমার কাছ ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। দাবিকৃত টাকা না পেয়ে তারা আমার ছেলেকে শ্বাস রোধ করে হত্যা করেছে।’ মামলার বাদী আবদুল্লাহর অভিযোগ, আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে তাঁর সন্তানকে অপহরণ করা হবে বলেও হুমকি দিচ্ছে তারা। এদিকে আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেছেন এলাকাবাসী।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান প্রথম আলোকে জানান, মাহফুজুর হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।