নরসিংদীর শিবপুরে আবুল হত্যা মামলার প্রধান আসামি জামিনে ছাড়া পেয়ে বাদীকে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার শিবপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মামলার বাদী।নিহত আবুল হোসেনের বাড়ি শিবপুর উপজেলার পুবেরগাঁও গ্রামে। তিনি কৃষিকাজ করতেন। গত ১৬ জানুয়ারি বাড়ির পাশের বরমতলা খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত আবুলের মা নাছিমা বেগম বাদী হয়ে পুবেরগাঁও গ্রামের আবদুল মজিদ শেখ, তাঁর ছেলে জজমিয়া, ভাতিজা রুমেন মিয়াসহ অজ্ঞাতনামা চার-পাঁচ ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন। পরে পুলিশ মজিদ ও জজমিয়াকে গ্রেপ্তার করে। সম্প্রতি মজিদ জামিনে ছাড়া পান।পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জজমিয়া আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।মামলার বাদীর অভিযোগ, সম্প্রতি মামলার প্রধান আসামি মজিদ জামিনে ছাড়া পেয়ে আরেক আসামি রুমেনকে সঙ্গে নিয়ে ২৫ মার্চ তাঁর (বাদী) বাড়ি এসে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেন। মামলা তুলে না নিলে ছেলের মতো করুণ পরিণতি হবে বলে তাঁকে হুমকি দেওয়া হয়। নাছিমা বেগম প্রথম আলোকে বলেন, ‘পাশাশাশি বাড়ি হওয়ায় মজিদ সকাল-বিকাল নানাভাবে হুমকি দেয়। ভয়ে আমি বাড়ি থাকতে পারছি না। একেক দিন একেজনের বাড়িতে ঘুমাতে হয়। আমি ছেলে হারিয়েছি, এখন দেখি বাড়িও হারাতে হবে।’এ ব্যাপারে মজিদের সঙ্গে কথা বলতে তাঁর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম ফিরোজ আল জালাল বলেন, বাদী থানায় জিডি করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।