টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় তিন মেয়েসহ মাকে হত্যার এক মাস পেরিয়ে গেলেও পুলিশ মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করতে পারেনি। সর্বশেষ গত রোববার পুলিশ সন্দেহভাজন হিসেবে আরও একজনকে গ্রেপ্তার করেছে।
এদিকে ওই হত্যা মামলার বাদী মোফাজ্জল হোসেন ও তাঁর বাবা আলাল উদ্দিনকে গত শুক্রবার রাতে কাগজে লেখা দুটি চিঠি দিয়ে দুর্বৃত্তরা তাঁদের হত্যার হুমকি দিয়েছে বলে জানা গেছে। গত ৬ অক্টোবর দিবাগত রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম এবং তাঁর তিন মেয়ে মনিরা আক্তার (১৪), মিম আক্তার (১০) এবং মলি আক্তারকে (৭) ঘরে ঘুমন্ত অবস্থায় পেট্রলের আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় বখাটে জাহাঙ্গীর মনিরা আক্তারকে বিয়ের প্রস্তাব দেয়। ওই প্রস্তাব প্রত্যাখ্যাত হলে আক্রোশের বশে সে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার পরের দিন জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি ও আরও ১০ জনকে আসামি করে মির্জাপুর থানায় মজিবর রহমানের শ্যালক মোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলা করেন।
পুলিশ এ পর্যন্ত মামলার চার আসামিসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে। তবে প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করতে পারেনি। সর্বশেষ গত রোববার রাতে পাশের সখীপুর উপজেলার বড়চালা গ্রামের নিজ বাড়ি থেকে সন্দেহভাজন হিসেবে আবুল কালাম আজাদ নামের আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। আবুল কালাম আজাদ মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমের মামা।
মামলার বাদী মোফাজ্জল হোসেন ও নিহত হাসনা বেগমের মা আছিয়া বেগম বলেন, গত শুক্রবার গভীর রাতে হুমকি দিয়ে লেখা দুটি চিঠি তাঁদের বাড়িতে পাওয়া গেছে। এ ঘটনার পর তাঁদের পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। মোফাজ্জল হোসেন বলেন, মামলার প্রধান আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার না হওয়ায় তাঁরা চিন্তিত। এর আগে গত ১১ অক্টোবর জাহাঙ্গীরকে ধরিয়ে দিতে মির্জাপুর থানায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত বলেন, উড়ো চিঠি দিয়ে হুমকি দেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। নিহত ব্যক্তিদের বাড়িতে পুলিশের পাহারা অব্যাহত রয়েছে। মামলার বাদীর বাড়িতেও পুলিশের পাহারা বসানো হয়েছে। মূল আসামি জাহাঙ্গীরকে ধরতে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। শিগগিরই জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।