ফরিদপুরের বহুল আলোচিত নবম শ্রেণীর ছাত্রী জাকিয়া আক্তার চম্পা (১৪) হত্যা মামলার বাদী নিহতের ভাই মো. হাসিবুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর মুঠোফোনে রোববার ও সোমবার দুটি নম্বর থেকে এ হুমকি দেওয়া হয়। তিনি এ ব্যাপারে মঙ্গলবার ঢাকার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, এজাহারভুক্ত আসামিরা নিজে অথবা তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে বাদী হাসিবুল ইসলামকে মামলা তুলে নিতে বলেছে, তা না হলে তাঁকে হত্যা করা হবে হুমকি দেওয়া হয়েছে।হাসিবুল ইসলাম জানান, তাঁর মুঠোফোনে গত রোববার রাত সাড়ে ১২টা ও মঙ্গলবার সকাল ১০টার দিকে দুটি ভিন্ন নম্বর থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হুমকিতে বলা হয়েছে, ‘ওই দিনের খুনের কথা মনে নেই? অনেক বাড়াবাড়ি কইরা ফেলছিস। তোরে আর বাঁচায় রাখা যায় না। বাবা-মার কাছ থেকে দোয়া নিয়া রাখিস। খুব তাড়াতাড়িই তোর সাথে দেখা হবে।’ অপরদিকে জাকিয়া হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল খায়ের বলেন, আসামিদের ধরার জন্য বেশ কয়েকবার তাদের বাড়িসহ বিভিন্ন সম্ভাব্য জায়গায় অভিযান চালানো হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর হোসেন বলেন, গতকাল বুধবার পর্যন্ত ঢাকার মহাখালীতে অবস্থিত প্রধান রাসায়নিক পরীক্ষকের কার্যালয় থেকে ভিসেরার প্রতিবেদন ফরিদপুরে আসেনি। ১৪ ডিসেম্বর সকালে ফরিদপুর সদরের কাশিমাবাদ গ্রামে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে সোহরাব শেখের মেহগনি বাগানের একটি গাছ থেকে জাকিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ওই দিনই জাকিয়ার ভাই হাসিবুল ইসলাম বাদী হয়ে শামীম মণ্ডল (২২), সালাম মাতুব্বরসহ ছয়জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।