বাদীকে হুমকির অভিযোগ
নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) বিল্লাল হোসেন হত্যা মামলার বাদী তাঁর বড় ভাই আবুল ফজলকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৯ সেপ্টেম্বর ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দেন এ মামলার তদন্ত কর্মকর্তা।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন নজরুল ইসলাম (২৪), জুয়েল মিয়া (২৮), জুনায়েদ আশরাফি (২৮), তারেক রশীদ ভূঁইয়া (২৩), আরিফুল ইসলাম (২২), রাদিফ রশীদ (২৬) প্রমুখ। এঁরা সবাই ছাত্র ও যুবদলের কর্মী ও সমর্থক।
মামলার বাদী আবুল ফজল বলেন, ‘অভিযোগপত্র দেওয়ার পর জামিনের নিয়ম না থাকলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। রাজনৈতিক নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে তারা আমাদের হুমকি দিচ্ছে।’
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিল্লাল শহরের ব্রাহ্মন্দি এলাকার আবদুর রউফ রাব্বানির ছেলে ও নরসিংদী সরকারি কলেজের সম্মান শ্রেণীর ছাত্র ছিলেন। তিনি ছাত্রদল কলেজ শাখার সভাপতি ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন।
হত্যাকাণ্ডের সময় জেলা বিএনপি দুটি ধারায় বিভক্ত ছিল। এর একটি অংশের নেতৃত্ব দিতেন জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির ও অপর অংশের সদর উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী। বিল্লাল ছিলেন মনজুর এলাহীর সমর্থক।
আসামিদের জবানবন্দি অনুযায়ী জানা যায়, দলীয় রেষারেষি এবং বিল্লাল ও তাঁর বন্ধুদের হাতে নজরুলের শ্যালিকা উত্ত্যক্তের শিকার হওয়ায় বিল্লালের ওপর ক্ষুব্ধ ছিলেন নজরুল। এর জের ধরে নজরুলের ওপর বিল্লাল ও তাঁর লোকজন হামলা চালান। বিল্লাল, তাঁর বড় ভাই আবুল ফজলসহ হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেন নজরুল। কিন্তু অভিযোগপত্র থেকে বিল্লাল ও ফজলের নাম বাদ পড়ায় নজরুল আরও ক্ষুব্ধ হন। এদিকে স্থানীয় দ্বন্দ্বের জের ধরে বিল্লালের ওপর রাদিফও ক্ষুব্ধ ছিলেন। নজরুল ও রাদিফ মিলে বিল্লালকে হত্যার পরিকল্পনা করেন। সে অনুযায়ী ২০১১ সালের ১৫ মার্চ বিল্লালকে কুপিয়ে হত্যা করা হয়।
বাদীপক্ষের আইনজীবী রোকসানা আক্তার বলেন, ‘আগামী ৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। আশা করছি, শিগগিরই রায় হবে।’