বাদীকেই গ্রেপ্তার, নাশকতার মামলায় কারাগারে প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করেন এক দলিল লেখক। পুলিশ উল্টো তাঁকেই আটক করে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার কারাগারে পাঠিয়েছে।
গ্রেপ্তার হওয়া দলিল লেখকের নাম এস এম রিগ্যান। তাঁর বাড়ি বিনায়েতপুর গ্রামে। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে মামলা ছিল না। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার তাঁকে আটক করা হয়। পরে নাশকতার মামলায় আসামি করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযোগ উঠেছে, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন দলীয় প্রভাব খাটিয়ে রিগ্যানকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছেন। তাঁর বাড়ি উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়ায়। তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান আলী সরকারের ছেলে।
উল্লাপাড়া সাবরেজিস্ট্রার কার্যালয় ও দলিল লেখকদের সূত্র জানায়, দলীয় প্রভাব খাটিয়ে দলিল সম্পাদনের সব কর্মকাণ্ডে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করায় দলিল লেখকদের একটি অংশের সঙ্গে আলমগীর হোসেনের পক্ষের বিরোধ তৈরি হয়। তিনি প্রতিপক্ষ রিগ্যান হোসেনসহ কয়েকজন দলিল লেখককে দলিল লেখার কাজ থেকে জোর করে বিরত রাখেন। একপর্যায়ে তাঁদের সাবরেজিস্ট্রার কার্যালয়ে ঢুকতে নিষেধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২ সেপ্টেম্বর রিগ্যান উল্লাপাড়া থানায় একটি জিডি করেন। একই সঙ্গে অর্ধশতাধিক দলিল লেখক আলমগীরের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। ১৮ সেপ্টেম্বর রিগ্যান আদালতে আলমগীরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নেতার ছেলে হওয়ার সুবাদে আলমগীর ২০১২ সালে দলিল লেখকের লাইসেন্স নেন। এরপর থেকে দলীয় প্রভাব খাটিয়ে নানা অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন। তাঁর বিরুদ্ধে কথা বলায় কয়েকজন দলিল লেখককে তিনি সমিতি থেকে জোরপূর্বক বের করে দেন। তাঁর কম্পিউটার থেকে দলিল কম্পোজ করা না হলে সে দলিল রেজিস্ট্রি করতে দেওয়া হয় না।
জেলা রেজিস্ট্রার জসিম উদ্দিন বলেন, ‘মঙ্গলবার বিকেলে উল্লাপাড়া সাবরেজিস্ট্রার কার্যালয়ে বাদী ও বিবাদী উভয় পক্ষকে ডাকা হয়। শুনানি শেষে উভয় পক্ষকে একসঙ্গে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়। একপর্যায়ে রিগ্যানকে সঙ্গে করে এক ব্যক্তি বাইরে নিয়ে যান। পরে জানতে পারি, রিগ্যানকে পুলিশ গ্রেপ্তার করেছে।’
দলিল লেখক শাহাদৎ হোসেন বলেন, রিগ্যান নিজের নিরাপত্তাসহ সব দলিল লেখকের কথা চিন্তা করে জিডি ও মামলা করেছিলেন। পুলিশ অভিযোগ তদন্ত না করেই তাঁকে গ্রেপ্তার করেছে। আরও অনেক দলিল লেখককে গ্রেপ্তার করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন।
আলমগীর হোসেন বলেন, ‘একটি চক্র আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য উঠেপড়ে লেগেছে। পুলিশ কাকে কীভাবে গ্রেপ্তার করেছে, বিষয়টি আমার জানা নেই। জেলা রেজিস্ট্রারের সঙ্গে দেখা করার পর আমি বাইরে চলে গিয়েছিলাম। পরে কী হয়েছে জানি না।’
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, ‘বুঝতেই তো পারছেন, বিএনপি করলে কাউকে গ্রেপ্তার করতে মামলা লাগে না।’ রিগ্যানের করা জিডির বিষয়টি সাবরেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তারা নিষ্পত্তি করবেন।