বাদীদের নূর হোসেন-তারেক সাঈদের আইনজীবীর জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলার বাদীকে নূর হোসেন ও র‍্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদের পক্ষের আইনজীবীরা জেরা করেছেন। বাদীকে জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ১১ এপ্রিল ধার্য করেছেন। আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

দুই মামলার বাদী হলেন নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল।
আজ সোমবার সকালে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে বাদীপক্ষের জেরা হয়। তবে সাক্ষ্যগ্রহণের জন্য নজরুল ইসলামের শ্যালক সাইদুল ইসলামের হাজিরার তারিখ ধার্য থাকলেও তিনি উপস্থিত না হওয়ায় তার সাক্ষ্যগ্রহণ হয়নি। এদিকে নূর হোসেন ও তারেক সাঈদের আইনজীবীদের আবেদনে সাক্ষ্য দেওয়া ৮ আসামিকে আবার জেরা করার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করে ১১ এপ্রিল তারিখ ধার্য করেন।
সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী খোকন বলেন, সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন, র‍্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মহাজন, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৩ আসামিকে সৈয়দ এনায়েত হোসেনের আদালতে হাজির করা হয়। সকাল ১০টার দিকে আদালতের কার্যক্রমের শুরুতেই সেলিনা ইসলামকে জেরা করেন নূর হোসেন ও তারেক সাঈদের আইনজীবীরা। পরে বিজয় কুমার পালকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরা শেষে ১১ এপ্রিল সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।
ওয়াজেদ আলী বলেন, উচ্চ আদালতে রিভিউ থাকায় আদালতে সাক্ষ্য দেওয়া আটজন সাক্ষীকে জেরা করেননি। আসামিপক্ষের আইনজীবীরা ওই আটজন সাক্ষীকে জেরা করার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করে ধার্য তারিখে জেরা করার অনুমতি দেন।
দুটি মামলার বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, আসামি নূর হোসেন ও তারেক সাঈদের আইনজীবীরা দুটি মামলার বাদীকে জেরা করেছেন।
তারেক সাঈদ মোহাম্মদের আইনজীবী সুলতানুজ্জামান বলেন, উচ্চ আদালতে রিভিউ মামলা থাকায় (নূর হোসেন ও তারেক সাঈদ) দুটি মামলার বাদীকে জেরা করা থেকে বিরত ছিলাম। উচ্চ আদালতের আমাদের আবেদন খারিজ হয়ে গেলে দুটি মামলার বাদীকে জেরা করেছি। জেরায় আসামিপক্ষের আইনজীবীরা তারেক সাঈদকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছি।
এর আগে এ দুই মামলায় দুজন ম্যাজিস্ট্রেটসহ ১৪ জন সাক্ষ্য দিয়েছেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটির প্যানেল মেয়র নজরুল ইসলাসহ সাত জনকে অপহরণের তিন দিন পর তাদের লাশ উদ্ধার করা হয়। নজরুল ইসলাম ও চার সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একটি মামলা করেন। দুটি মামলা ফতুল্লা মডেল থানায় করা হয়। দীর্ঘ প্রায় এক বছর তদন্ত শেষে মামলার তদন্তকারী সংস্থা নূর হোসেন, র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
একটি মামলার বাদী সেলিনা ইসলাম তাঁর করা মামলায় এজাহারভুক্ত ৫ আসামিকে বাদ দেওয়া এবং প্রধান আসামি নূর হোসেনের জবানবন্দি ছাড়া অভিযোগপত্র দেওয়ায় তা প্রত্যাখ্যান করে না রাজি আবেদন করলে প্রথমে বিচারিক হাকিম আদালত এবং পরে জেলা ও দায়রা জজ আদালত তা খারিজ করে দেন। পরে সেলিনা ইসলাম অধিকতর তদন্ত চেয়ে আবেদন করলে শুনানি শেষে আদেশে উচ্চ আদালত বলেন, পুলিশ চাইলে মামলাটি অধিকতর তদন্ত করতে পারে। তবে মামলাটিতে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনার ধারা যুক্ত করে বিচারের জন্য জেলা ও দায়রা জজকে নির্দেশ দেন। গত ৮ ফেব্রুয়ারি ৭ খুনের দুটি মামলায় নূর হোসেন ও র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। তবে র‍্যাবের ৮ সদস্যসহ পলাতক ১২ আসামির অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু হয়েছে। পলাতক ১২ আসামির পক্ষে রাষ্ট্রপক্ষের খরচে ৫ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা নূর হোসেন ও র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এ মামলায় নূর হোসেন ও র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ জন কারাগারে আটক রয়েছেন।