চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) দাউদ হোসেনকে তদন্তের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।এসআই দাউদের বিরুদ্ধে আসামির পক্ষে অবস্থান ও বাদীপক্ষকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ ওঠায় পুলিশ সুপারের নির্দেশে গতকাল রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পেয়েছেন থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই লুৎ ফুল কবীর। গতকাল বিকেলে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।দায়িত্ব গ্রহণের পর লুৎ ফুল কবীর প্রথম আলোকে বলেন, বিতর্কের ঊর্ধ্বে থেকে যথাযথভাবে তদন্ত করার চেষ্টা করবেন তিনি।আলমডাঙ্গার গড়চাপড়া গ্রামের মাঠপাড়া মসজিদের ইমাম আবদুল মোমিন ৯ সেপ্টেম্বর দুপুরে একই উপজেলার যুগীর হুদা গ্রামের এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটির চাচা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার তদন্তভার দেওয়া হয় এসআই দাউদকে।কিন্তু তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় মামলার বাদী ১৫ সেপ্টেম্বর জেলার পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমানের কাছে একটি লিখিত অভিযোগ করেন। এতে বলা হয়, মামলা দায়েরের পর থেকে এসআই দাউদ তদন্ত নিয়ে অবহেলা শুরু করেছেন। ঘটনার পর মেয়েটিকে অহেতুক থানা হেফাজতে রেখে ১১ সেপ্টেম্বর তার মেডিকেল চেকআপ করা হয়।অভিযোগে আরও বলা হয়েছে, আলমডাঙ্গা থানার এসআই আকিক ধর্ষণকারী ইমামের ভগ্নিপতি হওয়ায় এসআই দাউদ তাঁকে রক্ষা করতে উঠেপড়ে লেগেছেন। মেয়েটির পরিবার ও ঘটনার দিন যাঁরা ধর্ষক ইমামকে হাতেনাতে ধরেছিলেন, তাঁদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন।লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়।জানতে চাইলে ওসি মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘তদন্ত কর্মকর্তাকে নিয়ে যেহেতু অভিযোগ উঠেছে, তাই বিতর্ক এড়াতে তাঁকে পরিবর্তন করা হয়েছে।’এসআই দাউদ ছুটিতে থাকায় এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা যায়নি।