বাদীপক্ষের অনুপস্থিতির কারণে সাক্ষ্যগ্রহণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাদীপক্ষের অনুপস্থিতির কারণে ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম রাকিবুল হয়দারকে মারধরের মামলার সাক্ষ্যগ্রহণ গতকাল মঙ্গলবার হয়নি। আগামী ২০ জুলাই সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
১৪ জুন মামলার অভিযোগ গঠনের শুনানির দিন অভিযোগপত্রভুক্ত আসামিদের পক্ষে মামলার অভিযোগের দায় থেকে অব্যাহতি পাওয়ার জন্য আদালতে আবেদন করা হয়। ২১ জুন আদালত আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন খারিজ করে দিয়ে অভিযোগ গঠন করেন।
ফেনীর দ্রুত বিচার আদালতের বিচারক ও ফেনীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম তাওহিদুল হকের আদালতে মামলার আটজন আসামি উপস্থিত ছিলেন। তাঁরা সবাই জামিনে আছেন। কিন্তু এ সময় সাক্ষ্য প্রদানের জন্য বাদীপক্ষের কেউ উপস্থিত ছিলেন না।
আসামিপক্ষের আইনজীবী আনোয়ারুল করিম ফারুক জানান, দ্রুত বিচার আদালতের মামলা থেকে আসামিদের অব্যাহতি পাওয়ার আবেদন ২১ জুন আদালত খারিজ করে দেওয়ায় তাঁরা ২৩ জুন জেলা জজ আদালতে ফৌজদারি রিভিশন দায়ের করেন। জজ আদালত রিভিশন পিটিশন গ্রহণ করে শুনানির জন্য ১৮ জুন তারিখ ধার্য করেন ও নিম্ন আদালতে মামলার নথি তলব করেন।
১৬ মে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কাশেম চৌধুরী মামলার আসামি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল বাশার মজুমদার, চিথলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পরশুরাম পৌরসভার কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল মান্নানসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
গত ৬ মে ফেনীর পরশুরামের ধনিকুন্ডা রাস্তার মাথা নামক স্থানে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে সম্মান না করায় ইউএনওকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এ ঘটনায় ইউএনওর গাড়িচালক আবুল কাশেম সাতজনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করে দ্রুত বিচার আইনে পরশুরাম থানায় একটি মামলা দায়ের করেন।