বাদীপক্ষের আইনজীবীকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান অভিযোগ করেছেন, তাঁকে হত্যার হুমকি দিয়েছেন মামলার প্রধান আসামির আইনজীবী। আর আলোচিত এই হত্যা মামলা পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কৌঁসুলির (পিপি) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন একটি মামলার বাদী।
আইনজীবী সাখাওয়াত হোসেন গতকাল মঙ্গলবার জেলা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ জমা দিয়েছেন মামলার প্রধান আসামি নূর হোসেনের আইনজীবী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহার বিরুদ্ধে। এতে সাখাওয়াত বলেন, ‘গতকাল মামলা পরিচালনার জন্য হাকিমের আদালত ‘খ’ অঞ্চলে সকাল সোয়া ১০টার দিকে গেলে খোকন সাহা আমাকে দেখে ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে। আমাকে বলে, বেশি বেড়ে গেছ। গুলি করে তোকে হত্যা করব। তুই নারায়ণগঞ্জ থাকতে পারবি না। সাত হত্যা মামলায় থাকতে পারবি না। তোর মতো লোক মেরে ফেললে আমার কিছুই হবে না।’
এ ব্যাপারে পুলিশের কাছে কোনো অভিযোগ করা হয়েছে কি না, জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘ঘটনার সময় পুলিশের একজন এসআইসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা নেননি। এ ব্যাপারে পুলিশকে জানাব কি না, সিনিয়র আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। জেলা আইনজীবী সমিতিকে জানিয়েছি। দেখি তারা সমিতির একজন সদস্যের নিরাপত্তার জন্য কী করে।’
অভিযোগের বিষয়ে খোকন সাহা বলেন, ‘আমি তাঁকে কোনো হুমকি দিইনি। যদি দিয়ে থাকি, সমিতি তদন্ত করে এর বিচার করবে।’
এদিকে সাত খুন মামলা পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কৌঁসুলি (পিপি) ওয়াজেদ আলীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন একটি মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার কার্যালয়ে গিয়ে তাঁর কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি। তিনি নারায়ণগঞ্জের আলোচিত এ হত্যাকাণ্ডের শিকার সাতজনের একজন প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী।
অভিযোগে সেলিনা ইসলাম পিপি ওয়াজেদ আলীকে অদক্ষ ও অযোগ্য উল্লেখ করে তাঁকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। অভিযোগে তিনি উল্লেখ করেন, পিপি সাত খুন মামলার আসামি নূর হোসেন ও তারেক সাঈদদের দ্বারা আর্থিকভাবে লাভবান হয়ে মামলার সাক্ষীদের বিভ্রান্ত করে সাক্ষ্য প্রদানে বাধ্য করেছেন। এ ছাড়া, বাদীকে বিভিন্নভাবে হয়রানি করে আসামিদের সুবিধা দিয়ে মামলাটি ক্ষতিগ্রস্ত করেছেন। তাই পিপির অব্যাহতি চান সেলিনা ইসলাম।
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক আনিছুর রহমান বলেন, ‘এ ব্যাপারে আমার কতটুকু এখতিয়ার, কী করার আছে, তা জেনে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’