বাদীর অবস্থান নিয়ে পুলিশের দুটি প্রতিবেদন, মামলা ঝুলছে
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার রতন কুমার রায় আদালতে একটি চেক প্রত্যাখ্যান মামলার বাদী। স্থানীয় থানার মাধ্যমে বারবার সমন ও পরোয়ানা জারির পরও আদালতে হাজির হচ্ছিলেন না তিনি। বিচারকের নির্দেশে বাদীর অবস্থান সম্পর্কে আদালতে লিখিত প্রতিবেদনে এক পুলিশ কর্মকর্তা জানান, বাদী মারা গেছেন। পরে আরেক কর্মকর্তা আদালতকে প্রতিবেদন দেন, ঠিকানায় তাঁকে পাওয়া যায়নি। একজন ব্যক্তির অবস্থান নিয়ে ভিন্ন দুটি প্রতিবেদনের কারণে মামলাটির বিচার-প্রক্রিয়া ঝুলে আছে।
মামলার বিচারকাজ সচল করতে প্রতিবেদন দুটির মধ্যে কোনটি সঠিক—হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে তা জানতে চেয়েছেন আদালত। গত রোববার তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ বিলকিছ আক্তার এ বিষয়ে আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ৭ ডিসেম্বর হাটহাজারী পৌরসভার বাসিন্দা রতন কুমার রায় ৩ লাখ ৫ হাজার টাকার চেক প্রত্যাখ্যানের অভিযোগে নগরের চান্দগাঁও এলাকার নাজেম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলা করেন। ২০১২ সালের ৫ এপ্রিল তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির বিচার শুরু হয়। ওই বছরের ১২ জুন এই মামলায় বাদী রতন কুমার রায় সাক্ষ্য দেন। কিন্তু তাঁকে জেরা করা বাকি ছিল। কিন্তু এরপর থেকে বারবার সমন সত্ত্বেও তিনি আদালতে হাজির হননি। ২০১৫ সালের ১ অক্টোবর আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ বিষয়ে সরকারি কৌঁসুলি রাশেদুল আলম বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ২০১৬ সালের ৯ মার্চ হাটহাজারী থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হেলাল খান আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন, মামলার বাদী রতন কুমার রায়কে গ্রেপ্তারের জন্য হাটহাজারীর দেওয়ান নগরে তাঁর ঠিকানায় গিয়ে জানা গেছে, তিনি মৃত্যুবরণ করেছেন। তাঁর স্ত্রী মুন্নী দে এবং স্থানীয় পৌরসভার কাউন্সিলর সুকুমার দে বিষয়টি নিশ্চিত করেন। আদালত বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বাদী রতন কুমার রায়ের স্ত্রী মুন্নী দেকে হাজির করতে তাঁর নামে সমন জারি করেন। কিন্তু চলতি বছরের ৮ এপ্রিল হাটহাজারী থানার এএসআই মো. আবদুল মুনাফ আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন, ঠিকানায় গিয়ে মুন্নী দে ও তাঁর স্বামী কাউকে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে এএসআই আবদুল মুনাফ গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, স্থানীয়ভাবে খোঁজ নিয়ে মুন্নী দে ও তাঁর স্বামীকে পাওয়া যায়নি। সেটাই প্রতিবেদনে বলা হয়েছে।
তবে প্রথম প্রতিবেদন দেওয়া মো. হেলাল খান বর্তমানে জেলার লোহাগাড়া থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন। গতকাল বিকেলে তিনি বলেন, বাদী রতন কুমার রায় মারা গেছেন। তাঁর স্ত্রী ও স্থানীয় লোকজন নিশ্চিত করায় আদালতকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।
জানতে চাইলে হাটহাজারী পৌরসভার কাউন্সিলর সুকুমার দে গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রতন কুমার রায় মারা গেছেন।
এ বিষয়ে সরকারি কৌঁসুলি রাশেদুল আলম বলেন, দেড় বছরেও পুলিশ বাদীর সঠিক অবস্থান বলতে পারেনি। হাটহাজারী থানার দুই পুলিশ কর্মকর্তা একই বিষয়ে দুই রকম প্রতিবেদন দিয়েছেন। কোনটি সঠিক তা জানাতে হাটহাজারী থানার ওসির কাছে জানতে চেয়েছেন আদালত। কারণ, বাদীর সঠিক অবস্থান না জানার কারণে মামলাটির বিচারকাজ এগোনো যাচ্ছে না।
দুই পুলিশের দুই রকম প্রতিবেদন দেওয়া প্রসঙ্গে হাটহাজারী থানার ওসি বেলাল মো. জাহাঙ্গীর বলেন, কেন দুজনের প্রতিবেদন দুই রকম হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। ইচ্ছাকৃত গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।