বাদীর আবেদনে মামলা খারিজ!
সাক্ষ্য দিতে এসে বাদী মামলা প্রত্যাহারের আবেদন করলেন। বাদী আসামিকে সালাম করলেন আর আসামি বাদীর মাথায় হাত বুলিয়ে দিলেন। বাদীর মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতও মামলাটি খারিজ করে দিলেন। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে এ ঘটনা ঘটে। আদালত সূত্রে জানা যায়, গত ২১ মার্চ নগরের চান্দগাঁও থানায় টাকা আত্মসাৎ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলাটি করেন গৃহিণী রিনা আক্তার (২৮)। মামলায় রিনা তাঁর ভাশুর নুরুল আমিনকে (৫০) ১ নম্বর আসামি করেন। ওই মামলায় নুরুল আমিনের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে আসামি করা হয়। গতকাল বুধবার আদালতে সাক্ষ্য দেওয়ার দিন ছিল। আদালতে বাদী বলেন, ‘আসামি আমার বড় ভাইয়ের মতো। আমি নিজেও আর মামলা চালাতে চাই না।’ এ সময় আসামি নুরুল আমিন মামলার বাদী ও ছোট ভাইয়ের বউ রিনার মাথায় হাত বুলিয়ে দেন। বাদী রিনা আক্তার কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি আর ঝগড়াঝাঁটি চাই না।’ উত্তরে আসামি নুরুল আমিন বলেন, ‘আর সমস্যা হবে না।’ এরপর বাদী রিনা মৌখিকভাবে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন।