বাদীর আবেদনে মামলা ঝুলে আছে আট বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ মমতাজউদ্দিন হত্যার নবম বার্ষিকী আজ। ২০০৩ সালের ৬ জুন রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন তিনি। এ ঘটনায় দায়ের হওয়া মামলাটি চাঞ্চল্যকর হিসেবে ঘোষণা করা হলেও নয় বছরে তা বিচারের জন্য প্রস্তুত হয়নি। বাদীর আবেদনে হাইকোর্টে মামলাটি স্থগিত রয়েছে।একাধিক সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে মমতাজউদ্দিনের সহোদর আবুল কালাম আজাদ হত্যা মামলা করেন। এজাহারে কারও নাম উল্লেখ না থাকলেও বিএনপির এক প্রভাবশালী নেতার জড়িত থাকার ইঙ্গিত রয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক শহিদুল্লাহ খান মামলাটি তদন্ত করতে গিয়ে আরিফ, বাবু ও ফারুক নামের তিন যুবদলকর্মীকে গ্রেপ্তার করেন। এ সময় ম্যাজিস্ট্রেটের কাছে আসামি বাবুর দেওয়া জবানবন্দি তদন্ত-প্রক্রিয়াকেই বিতর্কিত করে তোলে। ওই জবানবন্দিতে বলা হয়, নির্বাচনী বিরোধের সূত্র ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে বাবু পরে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে তাঁর জবানবন্দি প্রত্যাহারের আবেদন জানিয়ে বলেন, নির্যাতন চালিয়ে জবানবন্দি ফরমে স্বাক্ষর নেওয়া হয়েছে।মামলার বাদী আবুল কালাম আজাদ বাবুর জবানবন্দিকে সাজানো নাটক বলে মন্তব্য করেন। এর পরও সিআইডি বিতর্কিত ওই জবানবন্দির ওপর ভিত্তি করে আওয়ামী লীগ নেতা আনিসসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। আদালত ২০০৩ সালের ১৩ অক্টোবর মামলাটি সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে পুনরায় তদন্তের নির্দেশ দেন। সিআইডির সহকারী পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র পুনরায় তদন্ত শেষে ২০০৪ সালের ২৭ জানুয়ারি আগের মতোই অভিযোগপত্র দাখিল করেন। এর বিরুদ্ধে নারাজি আবেদন করেন বাদী। আবেদনে প্রতিমন্ত্রী ফজলুর রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ করা হয়।অবশেষে নাটোরের দায়রা জজ আদালতের নির্দেশে ওই বছরের ২০ মার্চ মামলার বিচার বিভাগীয় তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট ওয়ালিউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। তিনি বিচার বিভাগীয় তদন্ত শেষে আগের আটজনসহ ১৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন দেন। এতে প্রতিমন্ত্রী ফজলুর রহমান, ছাত্রদল নেতা তাইফুল ইসলাম ও ফিরোজ হোসেনের নাম ছিল না। এই প্রতিবেদনসহ মামলাটি বিচারের জন্য রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করা হয়। ট্রাইব্যুনাল বিচার বিভাগীয় প্রতিবেদন আমলে নেন। এতে ক্ষুব্ধ হয়ে বাদী হাইকোর্টে একটি রিভিশন মামলা করেন। ২০০৪ সালে হাইকোর্ট মামলাটি স্থগিত করেন। তখন থেকে মামলাটি স্থগিত রয়েছে। এর মধ্যে মামলার সব আসামি জামিনে মুক্তি পেয়েছেন।চাঞ্চল্যকর এই মামলাটি দীর্ঘদিন হিমাগারে থাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা বিস্ময় প্রকাশ করেছেন। লালপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আকিয়াব হোসেন বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হতে চললেও মামলাটি নিষ্পত্তির কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর জন্য রাষ্ট্র ও মমতাজের পরিবারের সদস্যরা সমান দায়ী।নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা বলেন, গত জাতীয় নির্বাচনে মমতাজের সহোদর আবুল কালাম আজাদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। অথচ তাঁর স্ত্রী শেফালী মমতাজকে নারী সাংসদ করা হয়েছে। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ শুরু হয়। এসবের প্রভাব পড়েছে মামলাটির ওপর। সাংসদ শেফালী মমতাজ বলেন, মামলাটি চালু করার জন্য সরকারপ্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বারবার অনুরোধ করা হয়েছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। বাদী নিজেও কোনো পদক্ষেপ নেয় না। এটা রহস্যজনক। তবে বাদী আবুল কালাম আজাদ বলেন, ‘উচ্চ আদালতে মামলাটি চালু করতে আমার সেখানে উপস্থিতির কোনো প্রয়োজন নেই। আমার ভাবি নিজে একজন সাংসদ। তিনি খুব সহজেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে মামলাটি চালু করতে পারেন।’ তিনি কেন তা করেন না সেটাও রহস্যজনক।