নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় দুই শিশুসহ একই পরিবারের পাঁচজনকে হত্যা মামলার বাদী শফিকুল ইসলামের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে মামলার একমাত্র আসামি মাহফুজের উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়।
সরকারি কৌঁসুলি (পিপি) এস এম ওয়াজেদ আলী ওরফে খোকন বলেন, সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে আদালত আগামী ৩১ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
গত ১৫ জানুয়ারি রাত থেকে ১৬ জানুয়ারি সকাল পর্যন্ত নগরীর বাবুরাইল এলাকার একটি বাড়ির নিচতলার ভাড়াটিয়া শফিকুল ইসলামের স্ত্রীসহ পাঁচজনকে হত্যা করা হয়। পরে পুলিশ ওই বাড়ি থেকে পাঁচজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ শফিকুল ইসলামের ভাগনে মাহফুজকে গ্রেপ্তার করলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।