বাদীর দোকান বন্ধ করে দিলেন ছাত্রলীগের নেতা
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নে নির্বাচনপূর্ব সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় বাদীর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে মামলা প্রত্যাহার করে নেওয়ার চাপ দেওয়া হচ্ছে। সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে তাঁর গরু-মহিষ নিয়ে যাওয়াসহ তাঁকে সপরিবারে এলাকা ছাড়া করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।ছোটবাইশদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহেল মাহামুদ ওরফে সোহেল খাঁর নেতৃত্বে তাঁর সাঙ্গপাঙ্গরা এ ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেন ইউনিয়নের কোড়ালিয়া বন্দরের মুদি ব্যবসায়ী মো. আলম হাওলাদার।আলম হাওলাদার বলেন, ‘ওনাদের হুমকি-ধমকির কারণে ওই দিন থেকেই দোকানপাট বন্ধ করে আমি এলাকার বাইরে গিয়ে আশ্রয় নিয়েছি। এ ব্যাপারে অভিযোগ করতে থানায় যাওয়ারও সাহস পাচ্ছি না।’এ ব্যাপারে জানতে চাইলে মো. সোহেল মাহামুদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আলম হাওলাদারের ওপর কোনো চাপ সৃষ্টি করিনি বা কোনো হুমকি দিইনি। উনি নিজে থেকেই দোকান বন্ধ করে রেখেছেন।’