কল্পনা চাকমা অপহরণ মামলার চূড়ান্ত প্রতিবেদনের ওপর বাদীর করা নারাজি আবেদনের শুনানি আগামী বছরের ১০ জানুয়ারি ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার রাঙামাটির অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সাবরিনা আলী এ আদেশ দেন। আদালত তদন্ত কর্মকর্তাকে ওই দিন সিডি (কেইস ডকেট বা মামলার বিস্তারিত তথ্য) আদালতে উপস্থাপন করতে বলেন।
গতকাল রাঙামাটির অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে কল্পনা চাকমার অপহরণ মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের ওপর শুনানির দিন ধার্য ছিল। মামলার বাদী ও কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা রাঙামাটি পুলিশ সুপারের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেন। তিনি পুনঃ তদন্তের আবেদন করেন।
গত ৭ সেপ্টেম্বর অপহরণ মামলার ৩৯তম তদন্ত কর্মকর্তা রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, ‘আমার তদন্তকালে ভিকটিমের অবস্থান নিশ্চিত না হওয়ায় তাহাকে উদ্ধার করা সম্ভব হয় নাই।...বিভিন্ন মাধ্যমে চেষ্টা করিয়াও ভিকটিম কল্পনা চাকমাকে উদ্ধার এবং মামলা-রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয় নাই।...প্রকৃত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয় নাই। ভবিষ্যতে কল্পনা চাকমা সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে বা তাহাকে উদ্ধার করা সম্ভব হইলে যথানিয়মে মামলাটির তদন্ত পুনরুজ্জীবিত করা হইবে।’
১৯৯৬ সালের ১১ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহৃত হন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা।
মামলার বাদী কালিন্দী কুমার চাকমা গতকাল প্রথম আলোকে বলেন, ‘গত ৭ সেপ্টেম্বর পুলিশ সুপারের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমি প্রত্যাখ্যান করেছি। তদন্ত কর্মকর্তারা বারবার প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করেন। সে কারণে আমি উচ্চপর্যায়ে পুনঃ তদন্তের জন্য নারাজি আবেদন করেছি।’