খুলনা-৩ আসনের সাবেক সাংসদ আবদুল গফফার বিশ্বাসের পুত্রবধূ সারাহ্ ফারগুশান তন্নী হত্যা মামলাটি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মাধ্যমে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল সোমবার অভিযোগপত্রের ব্যাপারে মামলার বাদী তন্নীর মা সামিয়া আক্তারের নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে খুলনার মুখ্য মহানগর হাকিম মেজবাহ উদ্দীন আহমেদ এ আদেশ দেন।
এর আগে ৫ মে মামলাটির যে অভিযোগপত্র দেওয়া হয়েছিল, সেখানে এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে বর্ণনা করে হত্যাকাণ্ডের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ জন্য তন্নীর স্বামী সোহেল বিশ্বাসকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে অভিযুক্ত করে তন্নীর ননদ ইতি বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম জানান, অভিযোগপত্রের ব্যাপারে বাদী নারাজি আবেদন করায় মুখ্য মহানগর হাকিম মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ন্যায়বিচারের স্বার্থে তিনি সিআইডি খুলনাকে তদন্ত করতে বলেছেন।
গত ৭ এপ্রিল নগরের নূর নগর এলাকার শ্বশুরবাড়ি থেকে গৃহবধূ তন্নীর লাশ উদ্ধার করে পুলিশ। তন্নী ছিলেন মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি গফফার বিশ্বাসের ছোট ছেলে সোহেল বিশ্বাসের তৃতীয় স্ত্রী। এ ঘটনায় ১২ এপ্রিল নিহতের মা সোহেল বিশ্বাস ও ননদ ইতি বিশ্বাসকে আসামি করে হত্যা মামলা করেন। প্রায় এক মাস পলাতক থাকার পর ৮ মে সোহেলকে গ্রেপ্তার করে র্যা ব।