পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০-এর আওতায় দায়ের করা প্রথম মামলায় বাদীর পক্ষে সুরক্ষা আদেশ দিয়েছেন আদালত। ২০১১ সালের জুলাই মাসে মামলাটি করা হয়েছিল।
গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম আদালতে বিচারক আনোয়ার ছাদাত এ সুরক্ষা আদেশ দেন। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) পক্ষ থেকে এ আদালতে নালিশি মামলাটি করা হয়েছিল।
আদালত এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রয়োগকারী কর্মকর্তার মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন আপসের চেষ্টা চালানো হয়। কিন্তু প্রতিপক্ষ আপসের সিদ্ধান্ত না মানায় গতকাল প্রতিপক্ষের (স্বামী) অনুপস্থিতিতেই আদালত এ আদেশ দেন। গতকাল আদালতের সুরক্ষা আদেশ দেওয়ার মধ্য দিয়ে মামলাটির নিষ্পত্তি হয়েছে।
সুরক্ষা আদেশের ফলে নির্যাতনের শিকার নারী স্বামীর বাড়িতেই বসবাস করতে পারবেন। আদেশে বলা হয়েছে, বসবাসের সময় স্বামী তাঁকে কোনোভাবে বিরক্ত করতে পারবেন না। শারীরিক নির্যাতনও করতে পারবেন না। প্রতিপক্ষ যদি এ আদেশ না মানেন, তাহলে আইনের আওতায় আদালতের মাধ্যমে তাঁকে শাস্তি দেওয়া হবে।
বিএনডব্লিউএলএ সূত্রে জানা গেছে, মামলার পক্ষ বা নির্যাতনের শিকার নারী নিজেও একজন আইনজীবী। তিনি ঢাকা আইনজীবী সমিতির সদস্য।
পারিবারিক সহিংসতা আইনের মূল উদ্দেশ্য হলো, পারিবারিক সম্পর্ক টিকিয়ে রেখে নির্যাতনের শিকার ব্যক্তিকে সুরক্ষা দেওয়া। আইনের ভাষায় নির্যাতনকারীকে আসামি না বলে প্রতিপক্ষ বলা হচ্ছে। এ আইনের ফলে নির্যাতনের শিকার ব্যক্তিকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না প্রতিপক্ষ। অর্থনৈতিক সুরক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে আইনে।
মামলার বিবরণ অনুযায়ী, মামলার পক্ষের সঙ্গে প্রতিপক্ষের বিয়ে হয় ১৯৭৩ সালে। ১৯৮৭ সালে কাফরুল এলাকায় স্বামী ও স্ত্রী আলাদা দুটি দলিলে সাড়ে ৩০ শতাংশ জায়গা কেনেন। পরে সে জায়গায় পাঁচতলা একটি বাড়ি করেন। ১৯৯৯ সালে স্বামী বাড়ির দ্বিতীয় তলা ছাড়া নিজের অন্য অংশটুকু লিখিতভাবে স্ত্রীকে দিয়ে দেন। কিন্তু ২০০৩ সাল থেকে দুজনের সম্পর্কের অবনতি ঘটলে স্বামী পুরো বাড়ি তাঁর নামে লিখে দেওয়ার জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করেন।
নির্যাতনের একপর্যায়ে বাদী বিএনডব্লিউএলএর সদস্য হওয়ায় মুঠোফোনে বিষয়টি সমিতিকে জানান। সমিতি কাফরুল থানায় ঘটনা জানালে পুলিশ ঘটনা তদন্ত করে। পুলিশ ও সমিতির লোকজনের সাহায্যে বাদী উদ্ধার পেয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি করেন। পরে মামলা করা হয়।