রংপুরের পীরগাছায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমজাদ হোসেন হত্যা মামলার আসামিরা জামিনে ছাড়া পেয়ে বাদীর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আমজাদের পরিবার জীবনের নিরাপত্তা চেয়ে গত ৩০ এপ্রিল পুলিশ সুপারের (এসপি) বরাবর আবেদন করেছে।মামলা ও আবেদন সূত্রে জানা গেছে, উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেন ১২ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে বাড়ির পাশে পীরগাছা-কালীগঞ্জ রাস্তায় সন্ত্রাসীদের হাতে ছুরিকাহত হন। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল মারা যান। মৃত্যুর আগে আমজাদ হোসেন বাদী হয়ে প্রতিবেশী রজব আলীসহ নয়জনকে আসামি করে পীরগাছা থানায় মামলা করেন। আমজাদ হোসেনের মৃত্যুর পর আসামিরা জামিনে ছাড়া পেয়ে তাঁর স্ত্রী ও সন্তানদের হত্যার হুমকি দিচ্ছেন।আসামি রজব আলী অবশ্য বাদীর পরিবারকে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা পীরগাছা থানার উপপরিদর্শক আজিজুল ইসলাম বলেন, ‘আসামিরা জামিনে আছেন। তবে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি আমার জানা নেই।’