জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল গ্রামের সরকারি কর্মচারী দুদু হত্যা মামলার আসামিরা বাদীর পরিবারকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।নিহতের ছেলে শাহ আলম অভিযোগ করেন, আসামিরা তাঁদের পরিবারের লোকজনকে প্রাণনাশের ও তাঁর কলেজপড়ুয়া বোনকে অপহরণের হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে তিনি মাদারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিন্তু এর পরও আসামিরা হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন।মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।উল্লেখ্য, গত ২১ মার্চ রাতে জোনাইল গ্রামের সরকারি কর্মচারী দুদু ওরফে ছুটকু নিহত হন। এ ঘটনায় মামলা করেন তাঁর ছেলে শাহ আলম। তবে ঘটনার পর কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এলাকাবাসী মিছিল, সমাবেশ করেছে এবং মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দিয়েছে।