বাদীর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করায় ভোলার মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মান্নান খান ও তাঁর পরিবারের সদস্যরা ওই শিশুটির পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ মে রাতে শিশুটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে আবদুল মান্নান খানের ছোট ভাই শরীফ খান তাঁকে পার্শ্ববর্তী নির্জন স্থানে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন৷ এ সময় শিশুটি চিৎকার করলে শরীফ তাকে পিটিয়ে জখম করেন৷ একপর্যায়ে শিশুটির মা এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে৷ এরপর ক্ষমতার জোরে আবদুল মান্নান ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য পরের দিন বিকেলে ওই শিশুটির বাড়িতে সালিস বৈঠক বসান৷ সালিসে তিনি শরীফকে তিনটি চড় মারেন৷ সালিসের ওই রায় না মেনে মামলা করতে গেলে শিশুটির পরিবারের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন মান্নান৷ পরে ২ জুন বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্টের লোকজনের সহায়তায় মনপুরা থানায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শরীফ খানকে আসামি করে মামলা করেন৷
শিশুর বোন ও মা গতকাল বৃহস্পতিবার বলেন, মামলা করার আগে ও পরে শরীফ খানের পরিবারের সদস্যরা একের পর এক হুমিক দিয়ে আসছেন৷ মামলার পর থেকে তাঁরা বাড়িতে ঘুমাতে পারেন না৷ এখন শিশুটির বড় বোনকেও আসামির পরিবারের লোকজন ধর্ষণ করার হুমকি দিচ্ছেন৷
শিশুটির পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটিকে হাসপাতালে নিতে চাইলে আবদুল মান্নান খান ও তাঁর ভাই এবং ভাতিজারা ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন৷
অভিযোগের ব্যাপারে আবদুল মান্নান খান বলেন, ‘ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার ঘটনায় ঘটনায় সালিস বৈঠক করা অবৈধ—আমি তা জানি৷ তার পরও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে প্রকৃত ঘটনাটি জানতে সালিস বসিয়েছিলাম, বিচারের জন্য নয়৷’ বাদীর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন৷